'মুজিব বর্ষ' উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই আমেরিকায় প্রবাসীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের প্রস্তুতি শুরু করেছেন। এরই অংশ হিসেবে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে স্কলাস্টিকা মিলনায়তনে নিউইয়র্কে দু দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ২৫১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা বিজ্ঞানী নূরন্নবী। সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়াকে পাশে নিয়ে প্রস্তুতি সভা সঞ্চালনা করেন সদস্যসচিব ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
সভায় জানানো হয়, আগামী বছর ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক নগরীর লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, বইমেলা ও জয়বাংলা কনসার্ট। দেশ ও প্রবাসের খ্যাতিমান ব্যক্তিবর্গ ছাড়াও বঙ্গবন্ধুকে জানেন, এমন বিদেশিরা থাকবেন সম্মেলনের বিভিন্ন পর্বে। এ ব্যাপারে প্রাথমিক বাজেট ধার্য করা হয়েছে ৬৭ হাজার ডলার।
প্রস্তুতি সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, লেখক বেলাল বেগ, সংগঠক রেফায়েত উল্লাহ চৌধুরী, মিশুক সেলিম, সুব্রত তালুকদার, শুভ রায়, জাফরউল্লাহ, এ টি এম রানা, এ টি এম মাসুদ, শাহাবউদ্দিন চৌধুরী, স্বীকৃতি বড়ূয়া, মোর্শেদ আলম, আমজাদ হোসেন, তাহমিনা শহীদ, মুমু আনসারী প্রমুখ। সম্মেলন কমিটিতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
এদিকে মুজিব বর্ষ উপলক্ষে নিউইয়র্ক নগরীর ঐতিহাসিক একটি ভেন্যুতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) ‘আনন্দ তরঙ্গ’ সমাবেশে বক্তব্য রাখেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। তিনি বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে আমরা প্রবাস প্রজন্মের সমন্বয়ে বিশেষ একটি উৎসবের প্রস্তুতি নিয়েছি। সে জন্য জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ১৭ মার্চের আগ পর্যন্ত টানা দু মাস কনস্যুলেট ভবনে মহড়া চলবে। নিউইয়র্কে জন্ম নেওয়া শতাধিক শিশু-কিশোর এই মহড়ায় অংশগ্রহণের সময়ই জাতির পিতা ও তাঁর অবিস্মরণীয় নেতৃত্ব সম্পর্কে জানতে পারবে।’
নিউইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিপার উদ্যোগেও শিশু-কিশোর উৎসবের প্রস্তুতি চলছে। আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাচ বিষয়ে অনূর্ধ্ব ১৮ বছরের তরুণ-তরুণীদের মধ্যে ‘বিষয়ভিত্তিক প্রতিভা অন্বেষণ’ করা হচ্ছে। এ জন্য বিপার ক্যাম্প বসবে আগামী বছরের ৪ জানুয়ারি থেকে। ওই দিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রঙ্কসের পিএস ১০৬-এ, ৫ জানুয়ারি একই সময়ে ব্রুকলিনের পিএস ১৭৯, ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যামাইকার পিএস ১৮২, ১২ জানুয়ারি বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উডসাইডে পিএস ১২-তে।
বিপার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্টসংখ্যক তরুণ-তরুণী বাছাই করা হবে। নির্বাচিত এসব তরুণ-তরুণী বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৪ মার্চ পরিকল্পিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে। চিত্রাঙ্কন কর্মশালার পর অংশগ্রহণকারীরা চিত্রাঙ্কন করবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। প্রতিভা অন্বেষণে অংশগ্রহণকারী সবাইকে বিশেষভাবে আপ্যায়ন করা হবে ১৫ মার্চ। এতে অংশগ্রহণে আগ্রহী ও উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ৯১৭-৬৭৪-৪৭৪৬, ৬৪৬-২৭০-৪৯৯৫, ৯২৯-২৯৩-৫৫৩৬, ৯১৭-৮২৫-৭৩০৯, ৬৪৬-৩০০-১৪০১ অথবা ৩৪৭-২৩৭-১৬২৮ নম্বরে।