
মুসলিমদের বিরুদ্ধে ঢাকাও ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার কথা বলে তোপের মুখে পড়েছিলেন ট্রাম্প। এখন তিনি চেষ্টা করছেন আমেরিকার মুসলিমদের তাঁর পক্ষে টানার। সে জন্য নিজের সুরও কিছুটা বদলে নিয়েছেন। কিন্তু শুধু দাঁড়ি থাকলেই যে মুসলিম হয় না, এ কথা তিনি বা তাঁর ক্যাম্পেইন জানে না। সম্প্রতি ‘ট্রাম্পের পক্ষে মুসলিম সম্প্রদায়’ এই শিরোনামে একটি কাগজের বোর্ড বা ফ্লায়ার ডাকযোগে পাঠিয়েছেন ট্রাম্প। কিন্তু সেখানে মুসলিম হিসাবে যে মানুষটির ছবি ব্যবহৃত হয়েছে তিনি একজন শিখ।
এই শিখের নাম গুরিন্দর সিং খালসা, তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। একজন বন্ধুর কাছ থেকে ট্রাম্পের ফ্লায়ারে তাঁর ছবির কথা শুনি তিনি দারুণ চটেছেন। লস অ্যাঞ্জেলস টাইমসকে তিনি বলেছেন, এই ছবি ব্যবহারের আগে ট্রাম্প বা তাঁর কোনো প্রতিনিধি অনুমতি নেওয়ার প্রয়োজন দেখেনি। তিনি বলেন, ‘এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়, অথচ শিখ ও মুসলিমদের মধ্যে যে পার্থক্য আছে, সে কথাটাও তিনি জানেন না।’ ট্রাম্পের ফ্লায়ার থেকে নিজের নাম প্রত্যাহারে দাবি জানিয়েছেন খালসা।