'মূত্রত্যাগ' নিয়ে বিতর্কে ট্রাম্প-রুবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে অন্যকে নাজেহাল করতে ‘মূত্রত্যাগ’ নিয়ে অদ্ভুত সব মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদে দুই রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও।

হিউস্টনে দশম রিপাবলিকান বিতর্কে সিনেটর মার্কো রুবিওর হাতে বেধড়ক মার খাওয়ার পর ক্যাসিনো ব্যবসায়ী ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বদলা নিতে উঠেপড়ে লেগেছেন। ওই বিতর্কে রুবিও প্রমাণ করতে পিছপা হননি যে, ট্রাম্প একজন জালিয়াত, এক লাইনের বেশি কোনো বিষয়েই তাঁর বলার মতো জ্ঞান নেই। তাঁর হাতে দেশের ভার ছেড়ে দিলে যুক্তরাষ্ট্রের সম্মান ভূতলে যাবে।

ওই বিতর্কে সুবিধা করতে পারেননি ট্রাম্প। তবে সুদে-আসলে তা উশুল করার চেষ্টা করেছেন গতকাল শুক্রবার। সেদিন একাধিক সভা ও টিভি সাক্ষাৎকারে ট্রাম্প রুবিওকে অতি দুর্বল একজন ‘ছিঁচকাঁদুনে’ বলে উপহাস করেন। ৬ ফেব্রুয়ারি নিউ হ্যাম্পশায়ারে এক বিতর্কে নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বিদ্রূপ করে বলেন, রুবিও তোতাপাখির মতো শেখানো কথা বলেন। ট্রাম্প সে কথা মনে করিয়ে দিয়ে জানান, সেদিন বিতর্কের সময় রুবিও শুধু যে ঘামছিলেন তাই নয়, সম্ভবত ভীত-সন্ত্রস্ত হয়ে মূত্রত্যাগ করেছিলেন। সহাস্যে তিনি বলেন, ‘তাঁর পায়ের কাছে আমি দেখি পানি জমে আছে, সেটা কী?’

এই কথার পর রুবিও ছেড়ে দেননি। গত বৃহস্পতিবারের বিতর্কে ট্রাম্পের নাজেহাল অবস্থার কথা উল্লেখ করে রুবিও এক সভায় জানান, সেদিন বিতর্কের বিরতির সময় ট্রাম্প প্রথমে তার ঠোঁটের ওপর ঘাম লিপস্টিক দিয়ে ঘষলেন। তারপর পূর্ণদৈর্ঘ্য একটি আয়না চেয়ে নিলেন।

রুবিও প্রশ্ন ছুড়ে বলেন, ‘কেন, এত বড় আয়নার দরকার কী?’ মহা হাস্যরোলের মধ্যে রুবিও জানান, ট্রাম্প সম্ভবত তাঁর প্যান্টে প্রস্রাবের কারণে ভিজে যাওয়া দাগ লেগে আছে কি না, তা পরখ করতে চাইছিলেন।’

এখানেই শেষ নয়। রুবিও জানান, ট্রাম্প তাঁকে দুর্বল (লাইট ওয়েট) বলে পরিহাস করে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনটি মন্তব্য করেছেন। প্রতিটিতেই সাধারণ শব্দের বানান ভুল। বিদ্রূপ করে তিনি বলেন, কে জানে, হয়তো ট্রাম্প টাওয়ার নির্মাণ করতে যেমন অবৈধ অভিবাসীদের কাজে লাগিয়েছেন, টুইটারে বার্তা পাঠাতেও সেরকম কাউকে লেখার কাজে নিয়োগ করেছেন।

ট্রাম্প ও রুবিও যখন একে অন্যের বিরুদ্ধে ঢিল ও পাটকেল ছুড়ছেন, ঠিক সেই সময় নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি একটি মধ্যশক্তির বোমা ফাটিয়েছেন। একসময় ক্রিস্টি কেরিকে রিপাবলিকানদের মধ্যে একজন যোগ্য ও জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাবা হতো। কিন্তু পরপর তিনটি প্রাথমিক নির্বাচনে গো-হারা হেরে তিনি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

ক্রিস্টি গতকাল শুক্রবার টেক্সাসের ফোর্টওয়ার্থে এক সভায় ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ট্রাম্পকে ‘সেরা রিপাবলিকান প্রার্থী’ বলেন। তিনি তাঁর প্রতি নিজের সমর্থন জানান। রুবিওকে বিদ্রূপ করে ক্রিস্টি বলেন, অনভিজ্ঞ কোনো জুনিয়র সিনেটরের পক্ষ হিলারি ক্লিনটনকে ঠকানো অসম্ভব।

বেশির ভাগ পর্যবেক্ষকের ধারণা, একটি বড় অঙ্গরাজ্যের সফল গভর্নর হিসেবে তিনি এস্টাবলিশমেন্টের সমর্থন আশা করেছিলেন। কিন্তু রিপাবলিকান এস্টাবলিশমেন্ট তার বদলে রুবিওর প্রতি সমর্থন জানিয়েছে। এতে ক্রিস্টি খুশি হননি। তিনি যে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছেন, এ জন্য কার্যত রুবিওকে দায়ী করেছেন। নিজে প্রেসিডেন্ট হতে না পারলেও রুবিও যাতে সে সুযোগ না পান, ক্রিস্টি এখন তা নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছেন। এক মাস আগেও ট্রাম্পকে ক্রিস্টি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে বর্ণনা করেছেন। কিন্তু এখন বলছেন, ‘আমার পক্ষে যতটুকু করা সম্ভব, আমি করব।’ কেউ কেউ বলছেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন, ক্রিস্টি সম্ভবত তাঁর প্রশাসনে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাবেন।

কোনো কোনো রিপাবলিকান ভাষ্যকারের ধারণা, পাঁচজন প্রার্থী নির্বাচনী দৌঁড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বদলে যদি মাত্র দুজন প্রার্থী থাকতেন, তাহলে ট্রাম্প বিপদে পড়তেন। রক্ষণশীল রিপাবলিকান ভোটারদের ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে ৩৫ শতাংশের কম সমর্থন পাওয়া সত্ত্বেও ট্রাম্প একের পর এক প্রাইমারি নির্বাচনে জিতে যাচ্ছেন।

ট্রাম্প রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হতে পারেন—এমন একটি ভীতি দলের নীতিনির্ধারকদের মধ্যে রয়েছে। এ কারণে তাঁরা ‘ট্রাম্প ঠেকাও’ অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে অ্যারিজোনার রিপাবলিকান কংগ্রেস সদস্য ট্রেন্ট ফ্রাঙ্কস তাঁর সহকর্মীদের উদ্দেশে এক চিঠি বিলি করেছেন। তাতে সিনেটর রুবিও অথবা সিনেটর টেড ক্রুজ দুজনের একজনকে অবিলম্বে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে আবেদন জানানো হয়েছে।

ওই চিঠিতে ট্রেন্ট ফ্রাঙ্কস সতীর্থদের এই বলে সাবধান করেন, রুবিও অথবা ক্রুজের পেছনে ঐক্যবদ্ধ হতে না পারলে ট্রাম্প দলের মনোনয়ন পাবেন না। সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে এদের তিনজনের মধ্যে সবচেয়ে দুর্বল ট্রাম্প। তিনি প্রার্থী হলে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়া ঠেকানো অসম্ভব হবে।