'রুশ আইনজীবী হিলারির তথ্য দিতে চেয়েছিলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেমলিন-সংশ্লিষ্ট এক রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেছেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালে হওয়া ওই বৈঠকে তাঁকে হিলারি ক্লিনটন সম্পর্কে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রেমলিন সংশ্লিষ্ট ওই রুশ আইনজীবী। তবে শেষ পর্যন্ত তাঁর কাছ থেকে ‘অর্থবহ’ কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওই রুশ আইনজীবী বলেছেন, ট্রাম্প জুনিয়রের সঙ্গে তাঁর কথা হয়েছিল এটা ঠিক। তবে মার্কিন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।

রোববার মার্কিন স্পেশাল প্রসিকিউটরকে ট্রাম্প জুনিয়র জানান, গত বছরের ৯ জুন ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনতসকায়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় সেখানে ছিলেন তাঁর বোন ইভানকা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার ও সে সময়ে ট্রাম্পের প্রচারণা দলের প্রধান পল জে ম্যানাফোর্ট। সাক্ষাৎকালে নাতালিয়া ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা সম্পর্কে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নাতালিয়া শেষ পর্যন্ত এ-বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি।
প্রসঙ্গত, গত বছরের ৯ জুনের দুই সপ্তাহ আগেই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত হয়েছিল।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত চলছে আমেরিকায়। এরই অংশ হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রাশিয়ার কোনো সংযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও মার্কিন কংগ্রেস। তদন্তকারী সংস্থাগুলো মনে করছে, হিলারির নির্বাচনী প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে ক্রেমলিন ভূমিকা রেখেছিল। তবে বিষয়টির স্বপক্ষে এখনো যথেষ্ট প্রমাণ তাদের হাতে নেই।
ট্রাম্প জুনিয়রের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেও নাতালিয়াও বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। আমি রুশ সরকারের হয়ে কখনোই কাজ করিনি।’
তবে নাতালিয়া অস্বীকার করলেও তাঁর সঙ্গে ক্রেমলিনের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্পের ঘনিষ্ঠ কারও সঙ্গে ক্রেমলিন সংশ্লিষ্ট কারও প্রথম সাক্ষাতের ঘটনা এটি।
গত শনিবার নিউইয়র্ক টাইমসে এ সাক্ষাতের খবর প্রথম প্রকাশ হয়। সে সময় ট্রাম্প জুনিয়র ও নাতালিয়া উভয়েই বলেছিলেন যে, প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু নিয়ে তাদের মধ্যে আলাপ হয়নি। কিন্তু পরদিন রোববার সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন যে, হিলারি ক্লিনটন সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি ওই আইনজীবী দিয়েছিলেন, যা তার নির্বাচনী প্রচারের জন্য ক্ষতির কারণ হতে পারে।
রোববার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র বলেন, ‘প্রচারকাজের জন্য সহায়ক তথ্য দিতে সক্ষম একজন ব্যক্তির কথা আমাকে জানানো হয়। সাক্ষাতের আগ পর্যন্ত আমি তার নাম জানতাম না। সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে না বললেও আমি জ্যারেড কুশনার ও পল ম্যানাফোর্টকে আমার সঙ্গে থাকতে বলি।’ তিনি বলেন, ‘শুভেচ্ছা বিনিময়ের পর ওই নারী আমাকে জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ব্যক্তি হিলারি ক্লিনটনকে সমর্থন দিচ্ছে। তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকেও অর্থায়ন করছে। তার বক্তব্য ছিল অস্পষ্ট ও অর্থহীন, যার সমর্থনে সহায়ক কোনো তথ্য তিনি দেননি। খুব দ্রুতই আমি নিশ্চিত হই যে, তার কাছে আদতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। পরে নাতালিয়া আলোচনার মোড় ঘুরিয়ে দেন। তিনি এরপর মার্কিন পরিবারে রুশ শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারি যে, গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলে এ সাক্ষাতের ব্যবস্থা করা হলেও তার উদ্দেশ্য মূলত এটিই।’
প্রসঙ্গত, এর আগে গত মার্চে নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প জুনিয়র বলেছিলেন যে, নির্বাচনী প্রচার বিষয়ে কথা বলতে তিনি কোনো রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেননি।