'রুশ বিমানের পদ্ধতি ছিল ঝুঁকিপূর্ণ ও অপেশাদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত শনিবার বলেছে, বাল্টিক সাগরে মার্কিন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমানকে রাশিয়ার যুদ্ধবিমান ‘ঝুঁকিপূর্ণ ও অপেশাদার’ পদ্ধতিতে বাধা দিয়েছে। মাত্র গত সপ্তাহেই একই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডোনাল্ড কুকের কাছ ঘেঁষে খুব নিচু দিয়ে উড়ে যায় রাশিয়ার দুটি যুদ্ধবিমান।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক আকাশসীমায় গত বৃহস্পতিবার শত্রুপক্ষের তথ্য অনুসন্ধানের কাজে ব্যবহৃত মার্কিন যুদ্ধবিমানকে বাধা দেয় রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র লরা সিল বলেন, মার্কিন ওই বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল এবং সেটি কখনোই রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। মুখপাত্র বলেন, এই ঝুঁকিপূর্ণ ও অপেশাদার পদ্ধতিতে বিমানকে বাধা দেওয়ার ঘটনাটি সংশ্লিষ্ট বিমানের আরোহীদের মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারত। আরও গুরুত্বপূর্ণ যেটি তা হচ্ছে, একজন বিমানচালকের এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অপেশাদার কাজ খামোখাই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারত।
গত মঙ্গলবারই রাশিয়ার দুটি এসইউ-২৪ বিমান মার্কিন যুদ্ধজাহাজের মাত্র ৩০ ফুট ওপর দিয়ে উড়ে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এরপর বলেন, মার্কিন নৌবাহিনীর সেনারা আইন মেনেই ওই রুশ বিমানটি গুলি করে ভূপাতিত করতে পারত। তবে রাশিয়া এ কর্মকাণ্ডকে বেপরোয়া বা উসকানিমূলক মানতে অস্বীকৃতি জানিয়েছে।