যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার কথিত ভূমিকার খবর নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আগামী প্রেসিডেন্টের দ্বন্দ্বের আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এনে সিআইএ যে গোপন মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। দুই পক্ষের বিরোধের সূত্রপাত সেখান থেকেই।
আইনসভা কংগ্রেস এবং ওবামা প্রশাসনের কাছে অধিকাংশ মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী ভাব ক্রমেই বাড়ছে। সাইবার দুনিয়ায়ও রাশিয়া সক্রিয় হচ্ছে। এই প্রক্রিয়াতেই তারা ইউরোপীয় এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে।
যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত শুক্রবার বলেছেন, ডেমোক্রেটিক পার্টি ও তাঁর নেতাদের ই-মেইল হ্যাকিংয়ে রুশ গোয়েন্দারা যে সরাসরি জড়িত, সে ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ‘খুবই আত্মবিশ্বাসী’। কর্মকর্তারা এ-ও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার কার্যক্রমে বাধা দিতেই রাশিয়া এ কাজ করেছে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার ভিত নাড়িয়ে দিতে চেয়েছে।
হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীরা এক বিবৃতিতে ওই গোয়েন্দা প্রতিবেদনকে অতিরঞ্জিত আখ্যা দিয়েছেন। পাশাপাশি ইরাকের ব্যাপারে গোয়েন্দাদের কাজের সমালোচনাও করেছেন। ট্রাম্প শিবিরের বিবৃতির ভাষ্য, ‘ওই গোয়েন্দারাই তো সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার খবর দিয়েছিলেন।’
কংগ্রেসের গোয়েন্দা কমিটির সদস্য এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্কিফ গত শনিবার এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং কৌশল সাংঘাতিকভাবে সফল হয়েছে। তাদের এ কাজে হিলারির ক্ষতি এবং ট্রাম্পের উপকার হয়েছে এটা যদি কেউ না মানেন, বলতে হবে তিনি দেখেও না দেখার ভান করছেন। এটা কাকতালীয় বা অনিচ্ছাকৃত কাজ ছিল না।’
ট্রাম্প অবশ্য নিজ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নকে নাকচ করে দিয়েছেন। টাইম সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি রাশিয়া প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি না ওরা হস্তক্ষেপ করেছে। এটা একটা হাস্যকর প্রসঙ্গ, আলোচনা করার মতো নয়। যখনই আমি কিছু করি, ওরা রাশিয়ার হাত খুঁজে পায়।’
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের সব ধরনের অভিযোগ রুশ কর্মকর্তারাও অস্বীকার করেছেন। হবু প্রেসিডেন্ট ট্রাম্প এখন নিয়মিত ‘প্রেসিডেন্টের দৈনিক ব্রিফিং’ পাচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত গোপনীয় নথিপত্র এতে থাকে। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, সংস্থাগুলোর কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পরও রাশিয়ার ব্যাপারে ট্রাম্প বিশেষ ব্রিফিং চেয়ে কোনো অনুরোধ করেননি। সতর্কবার্তায় তাঁরা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদেশগুলোর মধ্যে আন্ত আটলান্টিক ঐক্য নষ্ট করার চেষ্টা করছেন বলে গোয়েন্দারা ওই সতর্কবার্তায় উল্লেখ করেছে।