'শান্তির দূত' কাজী নজরুল

কবি নজরুল ইসলাম একজন কালজয়ী মানুষ। তাঁর উদাহরণ শুধু তিনি নিজেই। মাত্র ২২ বছর লিখতে পেরেছিলেন। শুধু লিখেন নাই। এই অল্প সময়ে পৃথিবীর যেকোনো কবির চেয়ে সবচেয়ে বেশি গান রচনা করেছেন। শুধু তাই নয়, তিনি ছিলেন সুর স্রষ্টা ও সংগীত পরিচালক। তিনি বিভিন্নভাবে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তিনিই প্রথম বিদেশি সংগীতের সুর বাংলা সংগীতে সংযোজন করেন, বাংলা গানের বৈচিত্র্য আনার জন্য প্রচুর রাগরাগিণী তৈরি করেন, সর্বপ্রথম ইসলামি সংগীত এবং বাংলা গজল প্রবর্তন করেছেন, শ্যামা সংগীতের ভান্ডার সমৃদ্ধ করেছেন। এই প্রান্তর থেকে ওই প্রান্তর মুক্ত বিহঙ্গের মতো মানুষের মাঝে ছুটে বেড়িয়েছেন নজরুল, গান গেয়েছেন, আবৃতি করেছেন, বক্তৃতা দিয়েছেন, জেল খেটেছেন ভারতের স্বাধীনতার জন্য, মানুষের সমঅধিকারের জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালিকে উজ্জীবিত করেছেন। তাঁর গান, কবিতা ও লেখনীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দুঃখী, দরিদ্র, অস্পৃশ্য সবার জন্য সমান ভালোবাসা দিয়ে শুধু মানবতার জয়গান গেয়ে গিয়েছেন।
হাই স্কুল পাস না করেও নজরুলের জ্ঞানের পরিধি ছিল অবিশ্বাস্য রকমের বিস্তৃত। প্রথম মহাযুদ্ধে সৈনিক হয়ে অস্ত্রচালনা শিখে ব্রিটিশ খেদাবার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময়ে করাচিতে বেঙ্গলি পল্টনে থাকার সময়ে বিভিন্ন দেশের সৈনিকদের কাছ থেকে আরবি, ফারসি, উর্দু, হিন্দি ইত্যাদি ভাষার মনীষীদের কাব্যচর্চা সম্বন্ধে জ্ঞান আহরণ করেন। বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে করাচি থেকে হাবিলদার নজরুল হিসেবে কলকাতার পত্রপত্রিকায় অনবরত লেখা পাঠিয়ে নতুন দিগন্তের সূচনা করেন। পরবর্তীতে যুদ্ধ শেষে কলকাতায় শুরু হয় তার নবযুগ। ধূমকেতুর সম্পাদনায় তিনি ভারতের পূর্ণ স্বাধীনতা চাইলেন। হিন্দু-মুসলিম সম্পর্কের বিপর্যস্ত সময়ে একমাত্র নজরুল সাহসিকতার সঙ্গে বুক ভরা ভালোবাসা নিয়ে লড়তে লাগলেন। ধর্মের বিভাজন দূর করার জন্য ধর্মগ্রন্থ সম্পর্কে সত্যিকারের জ্ঞান আহরণ করে অজ্ঞতার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি জানতেন হিন্দু ধর্মও এক ঈশ্বরবাদী। তাই তিনি এক বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করে প্রমীলাকে ধর্মান্তর না করেই বিয়ে করেন। তাঁর কাছে মানুষের মূল্যবোধ ছিল অপরিসীম। বিদ্রোহ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, যা পুরোনো, পচা তাঁর বিরুদ্ধে। নজরুল কোনো দিন মাথা নত করেননি। তার ছিল চির উন্নত শীর।
এক শ বছর আগে পরাধীন ভারতে নজরুল যেমন সাম্প্রতিক ছিলেন, দুঃখজনক হলেও সত্যি নজরুল আজকের বিশ্বেও কোনো অংশে কম সাম্প্রতিক নন। নজরুলকে নিয়ে তখনো ভাগাভাগির চেষ্টা চলেছে, আজকেও চলছে। এত বড় মাপের একজন মানুষকে ভালো করে না–চেনাই স্বাভাবিক। নজরুল ইসলাম বাংলার মুসলমানদের কয়েক শ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি বলতেন, বাংলার দুই অঙ্গ, হিন্দু আর মুসলিম। বিভিন্ন ঐতিহাসিক কারণে ব্রিটিশ ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কিছু হিন্দু নেতৃত্বের কারণে মুসলিম অঙ্গ আজ দুর্বল হয়ে পড়েছে, পুরো বাংলাকে শক্তিশালী করার জন্য তাই তাদের জাগরণের প্রয়োজন। ওই সময়কার বিভক্ত দেশে, সাম্প্রদায়িকতায় দুষ্ট সমাজে হিন্দু–মুসলিম দুই ধর্মের জন্য সমান ভালোবাসা তাকে অনেক বিপদে ফেলেছে। মুসলিমরা বলতেন, নজরুল হিন্দু হয়ে গেছেন। আর হিন্দুরা বলতেন, নজরুল মুসলিমদের কবি। আজকেও অনেকের কাছে নজরুল বিভক্ত। তবে আজকে কিছু হিন্দু বলা শুরু করেছেন, নজরুল হিন্দু ধর্মের অথবা নাস্তিক ছিলেন। ইদানীং নজরুল পত্রবধূ কল্যাণী কাজী ও তার ছেলে একটি অ্যালবাম বের করেছেন। তাতে তারা কিছু হিন্দু দেবদেবীর মূর্তি সংযোজন করে প্রমাণ করতে চেয়েছেন নজরুলের নিজের ঠাকুর ঘর ছিল এবং তিনি রীতিমতো পূজাপার্বণ করতেন। নিউইয়র্কে সেই অনুষ্ঠানে একজন ভারতীয় আমলা বলে বসলেন, নজরুলের কোনো ধর্মই ছিল না। তাঁরা ভুলে গেলেন, নজরুল যখন বাকরুদ্ধ হয়ে যান কল্যাণী কাজী তো দূরের কথা, তার স্বামী কাজী অনিরুদ্ধের বয়স ছিল মাত্র ১২ বছর। নজরুল ও প্রমীলাকে বহু বছর ও আমৃত্যু সেবা করেছেন কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী। তিনি এখনো জীবিত এবং নজরুলের দেবদেবীর ঠাকুর ঘর সম্পর্কে তিনি কোনো দিন অবহিত ছিলেন না। সাম্প্রদায়িক শক্তির কাছে বিভ্রান্ত হবে মানুষ—এটাই নিয়ম।
তবে আন্তর্জাতিক অঙ্গনে নজরুল চর্চা আজ আশার বাণী নিয়ে আসছে। উত্তর আমেরিকায় নজরুল চর্চা শুরু হয়েছে। ২৯ বছর ধরে উত্তর আমেরিকায় নজরুল কনফারেন্স কমিটি নজরুল সম্মেলন ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কাজী নজরুল ইসলামের রচনা, মূল্যবোধ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে। গুলশান আরা কাজী এবং কাজী বেলালের অক্লান্ত চেষ্টায় স্টেট কলেজ অফ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েক বছর ধরে নজরুল স্টাডি শুরু হয়েছে। তাঁরা ইউনিভার্সিটি অফ কানেকটিকাটে নজরুল স্টাডি ও নজরুল চেয়ার প্রতিষ্ঠা করতে চলেছেন। নজরুলের রচনা ইংরেজিতে তর্জমা করেছেন অনেকে। বেগম সুফিয়া কামালের ছেলে বোস্টনের ড. সাজেদ কামালের তর্জমা পড়ে অনেক আমেরিকান নজরুল গবেষক হচ্ছেন। তার মধ্যে ড. পিটার ল্যাঙলি অন্যতম। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাচেল ম্যাকডরমেট শ্যামা সংগীতের ওপর গবেষণা করতে গিয়ে নজরুলের বিশালতার সঙ্গে পরিচিত হন। এখন নজরুলের সব বিষয়ে পড়াশোনা ও গবেষণাই তাঁর একমাত্র ধ্যান।
আমার একসময়ের বন্ধু নেদারল্যান্ডসের প্রয়াত মানবতাবাদী পিটার কাস্টার তাঁর অসামান্য লেখনীতে নজরুলকে বাংলার ‘প্রফেট অফ পিস্’ (শান্তির দেবদূত) হিসেবে সম্মানিত করেছেন। কাজী নজরুলকে নিয়ে বিভিন্ন মানুষ ও সংগঠন আজ কাজে নেমেছেন। নজরুলপ্রেমী কবির কিরণের শতদল, টিপু সুলতান ও দুলালের নজরুল একাডেমীসহ বেশ কিছু সংগঠন নজরুল চর্চার ওপর গুরুত্বারোপ করছেন। আমেরিকায় বাঙালি প্রজন্মের অনেকে শুধু নজরুল সংগীতে তালিম নিচ্ছেন, তার মধ্যে নিউজার্সির নজরুল শিল্পী শবনম আবেদি ও ক্যালিফোর্নিয়ার (বর্তমানের নিউ ইয়র্কের) তমাল হোসাইন আন্তর্জাতিক মানের সম্মান অর্জন করেছেন। নজরুল নিবেদিতপ্রাণ শিল্পী গোলাম সোহরাব, সেলিনা আশরাফ, কাবেরী দাস, মাহমুদ বিল্লাহসহ আরও অনেকে উত্তর আমেরিকায় নজরুল সংগীতের চর্চা ও শিক্ষা অব্যাহত রেখেছেন।
কাজী নজরুল ইসলামের মানবতাবাদী রচনা সম্ভার এবং তাঁর সংগীত ও কবিতার অনন্য সৌন্দর্যের ভান্ডার আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচয় করতে আমাদের আরও সচেষ্ট হওয়া দরকার। বেশ কয়েক বছর আগে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট নারীবাদী ইহুদি অধ্যাপক আমার কাছে থেকে পাওয়া কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার অনুবাদ পড়ে অভিভূত হয়ে যান। বিরাট এক সেমিনারে বলেছিলেন, বাংলা ভাষার এই বিপ্লবী কবি ১০০ বছর আগে যা সুন্দর করে বলে গেছেন, আমার আজও তা সমন্বয় করার পথ খুঁজে বেড়াচ্ছি।
সেদিন আমি রোমাঞ্চিত হয়েছিলাম। বুঝেছিলাম, কাজী নজরুলকে পরিচিত করতে গিয়ে আসলে আমরাই আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত হচ্ছি।
এই ধারাবাহিকতা চলমান থাকলে আমাদের সাহিত্য, ঐতিহ্য, ইতিহাস, মননশীলতা, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িকতার অভিব্যক্তি আমাদেরকে মহিমান্বিত করবে। আজকের এই বিভ্রান্ত পৃথিবীতে নজরুলের বাঁশির সুর ছড়িয়ে দিতে হলে কাজী নজরুলকে আরও জানতে হবে এবং তার রচনা সম্ভার অন্যান্য ভাষায় তর্জমাসহ তাঁকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তৎপর হতে হবে।
(লেখক: ফিলাডেলফিয়ার ড্রেক্সেল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনির অধ্যাপক, উত্তর আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান, আমেরিকার এলিস আইল্যান্ড মেডেল অফ অনার পদক প্রাপ্ত)