'শান্তির সংস্কৃতি' ধারণা কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে উচ্চাঙ্গ যন্ত্র সংগীত পরিবেশন করেন নিউইয়র্কপ্রবাসী সেতার বাদক ওস্তাদ  মোরশেদ খান ও তবলা বাদক তপন মোদক
অনুষ্ঠানে উচ্চাঙ্গ যন্ত্র সংগীত পরিবেশন করেন নিউইয়র্কপ্রবাসী সেতার বাদক ওস্তাদ মোরশেদ খান ও তবলা বাদক তপন মোদক

এজেন্ডা ২০৩০ অর্জনের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের ফোরামের সাধারণ আলোচনায় অংশ নিয়ে দেশ পর্যায়ের বক্তব্যে এ আহ্বান জানান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। উচ্চ পর্যায়ের এই ইভেন্টটি আয়োজন করেন ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিজ মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গার্সেজ।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, ‘২০ বছর আগে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শান্তির সংস্কৃতির মতো আদর্শিক রেজুলেশনটি গ্রহণের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে শান্তির সংস্কৃতি ধারণাটি জাতিসংঘে উত্থাপন করেন। ওই বছরই সাধারণ পরিষদ তা এজেন্ডা হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে চূড়ান্তভাবে এটি (রেজুলেশন ৫৩/২৪৩) গৃহীত হয়। ভাবতে ভালো লাগে আজ আমরা যখন এই রেজুলেশনটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন করছি, এমন সময়েও তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছেন। যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গৌরবের।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আনন্দিত যে শান্তির সংস্কৃতি আজ প্রণিধানযোগ্য একটি ধারণা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এর সুর জাতিসংঘের বৃহত্তর পরিসরে অনুরণিত হচ্ছে। সাম্প্রতিক বছরে এর আওতায় বেশ কয়েকটি নতুন রেজুলেশন গৃহীত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এজেন্ডা ২০৩০ এবং তত্পরবর্তী সময়ে আমরা আরও কীভাবে এই ধারণাটিকে কাজে লাগাতে পারি তা আমাদের ভেবে দেখতে হবে এবং এ বিষয়ে সবাইকে আরও এগিয়ে আসতে হবে। যেন কোনোভাবে শান্তির সংস্কৃতি ধারণাটি হারিয়ে না যায়।’

এসডিজির অন্যতম উদ্দেশ্য ‘কেউ পেছনে পড়ে থাকবে না’ তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন। অসমতা ও সংঘাত সৃষ্টির উপাদানগুলো নির্মূলে তিনি দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিয়েছেন। আর প্রতিবেশী দেশের সঙ্গে বজায় রেখেছেন শান্তিপূর্ণ সহাবস্থান।’