'শুধু ট্রাম্প' বনাম 'ঠেকাও ট্রাম্প'

রিপাবলিকান পার্টির ১ নম্বর নেতা, মার্কিন কংগ্রেসের বর্তমান স্পিকার পল রায়ান ও দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক ধরনের সন্ধির কথা ঘোষণা করলেও ‘ট্রাম্প ঠেকাও’ আন্দোলন থেমে নেই। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি এবং দলের প্রায় এক ডজন শীর্ষস্থানীয় নেতা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের বিপক্ষে একজন ‘স্বতন্ত্র’ অথবা ‘তৃতীয় দলের’ প্রার্থী হিসেবে কাউকে দাঁড় করাতে। আপাতত তাঁদের সব মনোযোগ যে দুজন সম্ভাব্য প্রার্থীর ওপর তাঁরা হলেন ওহাইয়োর গভর্নর জন কেইসিক ও নেব্রাস্কার সিনেটর জন স্যাসে।
অধিকাংশ নির্বাচনী বিশ্লেষক একমত, ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কার্যত দুঃসাধ্য। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় শুধু সর্বাধিক ভোট পেলেই নির্বাচিত হওয়া সম্ভব নয়, মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হবে। প্রতিটি রাজ্যের কংগ্রেস সদস্যের জন্য ১টি ও প্রতি সিনেটরের জন্য ২টি ইলেকটোরাল ভোট নির্দিষ্ট আছে। এ ছাড়া ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার জন্য রয়েছে তিনটি ইলেকটোরাল ভোট। জনমত জরিপের ভিত্তিতে বর্তমানে যতগুলি নির্বাচনী মডেল তৈরি হয়েছে, তার কোনোটিতেই ডোনাল্ড ট্রাম্প ২৭০টি ইলেকটোরাল ভোট সংগ্রহে সক্ষম নন। অত্যন্ত নির্ভরশীল হিসেবে বিবেচিত কুক পলিটিক্যাল রিপোর্ট অনুসারে চলতি জনমত অপরিবর্তিত থাকলে হিলারি ক্লিনটন পাবেন ৩০৪ আর ট্রাম্প পাবেন ১৯০ ভোট।
রিপাবলিকান পার্টির জন্য আরও ভয়ের কারণ, ট্রাম্প দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে কংগ্রেসে বর্তমানে তাদের যে সংখ্যাধিক্য রয়েছে, তা-ও হাতছাড়া হয়ে যেতে পারে। যেসব সিনেটর ও কংগ্রেসম্যান কঠিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জড়িত, তাঁদের অনেকেই যেভাবে সম্ভব ট্রাম্প থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। মিট রমনির মতো যাঁরা ট্রাম্পের ‘রক্ষণশীল’ রাজনৈতিক পরিচয়ে আস্থা রাখতে পারছেন না, তাঁরা যেকোনো মূল্যে একজন বিকল্প প্রার্থীর জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকজন ধনবান রিপাবলিকান চাঁদাদাতাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই গ্রুপটি তেমন একজন তৃতীয় প্রার্থীর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বিভিন্ন রাজ্যে জনমত জরিপ চালাচ্ছে। জন কেইসিক বা সিনেটর স্যাসের মতো ‘রাজনৈতিক প্রার্থী’ ছাড়াও তাঁরা ডাল্লাস মাভেরিক বাস্কেটবল দলের মালিক মার্ক কুবানের মতো ‘ভিন্ন ধাঁচের’ প্রার্থী মনোনয়নের ভাবনাও মাথায় রেখেছেন। ট্রাম্পের মতো কুবান শুধু ধনকুবেরই নন, তিনিও নিজের টেলিভিশন শোয়ের জন্য সুপরিচিত।
‘ট্রাম্প ঠেকাও’ উদ্যোগের বিরোধিতা এসেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। রিপাবলিকান দলের বর্তমান সভাপতি রিন্স প্রিবাস ‘স্বতন্ত্র’ বা ‘তৃতীয় দলভিত্তিক’ কোনো প্রার্থী দাঁড় করানোর এই চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন। চলতি সপ্তাহান্তে বিভিন্ন টিভি টক শোয়ে তিনি সোজাসুজি বলেছেন, তেমন কোনো প্রার্থী দাঁড় করানোর অর্থ দাঁড়াবে হিলারি ক্লিনটনের হাতে হোয়াইট হাউসের চাবির গোছা তুলে দেওয়া। তিনি ২০১২ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির উদ্যোগের সমালোচনা করে বলেন, তিনি অকারণেই ট্রাম্পের ব্যাপারে এমন একরোখা অবস্থান নিয়েছেন। তাঁর উচিত হবে স্পিকার রায়ানের মতো বিভক্তি বাড়ানোর বদলে দলকে ঐক্যবদ্ধ করার কাজে হাত লাগানো।
তৃণমূল পর্যায়েও ‘ট্রাম্প ঠেকাও’ আন্দোলনের বিরোধিতা বাড়ছে। বাছাইপর্বের নির্বাচনে দলের বাঘা বাঘা প্রার্থীকে হটিয়ে ট্রাম্প যে এখন কার্যত দলের একমাত্র প্রার্থী হওয়ার পথে, তার কারণ তৃণমূল পর্যায়ে বিশেষত অসন্তুষ্ট শ্বেতকায় ভোটারদের সমর্থন। গত শনিবার রিপাবলিকান পার্টি ১১টি রাজ্য পর্যায়ে তাদের বার্ষিক সম্মেলন শেষ করে। এর প্রতিটিতে ‘ট্রাম্প ঠেকাও’ আন্দোলনের বিরুদ্ধে প্রবল বিরোধিতার সুর শোনা গেছে। রাজ্য পর্যায়ের নেতারা শুধু যে ট্রাম্পবিরোধী কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেন তা-ই নয়, নভেম্বরের নির্বাচনে শুধু ট্রাম্প যাতে দলের প্রার্থী হন, সে ব্যাপারেও দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। কোনো কোনো সম্মেলনে নিজেদের অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের গৃহীত অবস্থানের সমালোচনা করা হয়।
ট্রাম্পের প্রতি সমালোচনাপূর্ণ অবস্থান নিয়েছেন, এমন রাজ্য পর্যায়ের কোনো নেতা যাতে দলের জাতীয় সম্মেলনে ডেলিগেট হয়ে না যেতে পারেন, ম্যারিল্যান্ড ও আরকানসাসের পার্টি সম্মেলনে সে উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রস্তাব নেওয়া হয়।