'শ্রমিক স্বার্থবিরোধী' পাজডারকে শ্রমমন্ত্রী করছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শ্রমমন্ত্রী হিসেবে বেছে নিলেন শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বিরোধী ফাস্টফুড নির্বাহী অ্যান্ড্রু পাজডারকে। ধনকুবের এই ব্যবসায়ীকে শ্রমমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘শ্রমিকদের স্বার্থে তাঁর লড়াইয়ের রেকর্ড’ রয়েছে।
অ্যান্ড্রু পাজডার যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড রেস্তোরাঁ সিকেই-এর প্রধান নির্বাহী। কার্লস জুনিয়র ও হার্ডিস নামে আরও দুটি ফাস্টফুড রেস্তোরাঁ পরিচালনা করে থাকে সিকেই।
সম্প্রতি শ্রম দপ্তরের একটি নতুন আইনের সমালোচনা করেন পাজডার। যুক্তরাষ্ট্রের ৪০ লাখের বেশি কর্মীর ওভারটাইম ভাতা বাড়ানোই ছিল এ আইনের লক্ষ্য। তা ছাড়া দেশজুড়ে ফাস্টফুড রেস্তোরাঁকর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করে ১৫ ডলার করার প্রস্তাবেরও সমালোচনা করেছেন ট্রাম্পের এই শ্রমমন্ত্রী।