'সবখানেই খুঁজছে তারা'

‘আমি দোকানে বা গির্জায় যেতে চাই না, তারা সবখানেই খুঁজছে। তারা জানে, কোথায় আমাদের পাওয়া হবে।...হয়তো আমাদের জন্য পথের মোড়ে কোনো জায়গায় ওত পেতে আছে।’
কথাগুলো গ্রেপ্তার-আতঙ্কে অস্থির যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাসরত অভিবাসী মেলির। ভয়ে নিজের পুরো নাম পর্যন্ত প্রকাশ করেননি তিনি।
মেলি এবং তাঁর মতো আরও অনেকেরই ঘর থেকে বের হওয়া একরকম বন্ধ। যেতে পারছেন না দোকানে। ডাক্তার দেখানো বা উপাসনালয়গুলোতে পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন।
গাড়ির ব্যাকলাইট ভাঙা থাকার মতো কারণেও এখন অবৈধ অভিবাসীকে পাকড়াও করে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (ইসিই) কাছে পাঠানো হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে সে রকম নির্দেশনাই দেওয়া হয়েছে। কাজেই অনেকের জন্য গাড়ি চালানোও বন্ধ।
এই হতাশা আর শঙ্কার ছবি অভিবাসীবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির। অনিবন্ধিত বহু অভিবাসী সেখানে স্রেফ বেঁচে থাকার মতো মজুরিতে খেতে শ্রমিকের কাজ করেন। তাঁদের অনেকে সন্তানদের স্কুলে না পাঠিয়ে ঘরেই বসিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। ওয়েস্ট ফিনিক্সে গত কয়েক সপ্তাহে লেখাপড়া থেকে ঝরে গেছে ১৩ জন লাতিনো শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকেন প্রায় ১ কোটি ১০ লাখ লোক। এঁদের অনেকে এত দিন বিতাড়িত হওয়ার ঝুঁকিসহ অনিশ্চয়তায় থাকলেও গুরুতর অপরাধ না করা ব্যক্তিরা তেমন বিপদে ছিলেন না। কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর পরিকল্পনা প্রকাশ করেন। তাতে অবৈধ অভিবাসীদের বহিষ্কার অনেক দ্রুত ও ঢালাও হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরে দাতব্য আইনি সহায়তাকারীদের কাছে ছুটছেন অভিবাসীরা। এঁদের চিন্তায় ঘুরেফিরে মূলত একটাই প্রশ্ন, ‘ইসিইর কর্মকর্তারা পথে থামালে কী করব? বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিনকার্ডধারী) হয়ে থাকলে নাগরিকত্বের জন্য কত দ্রুত আবেদন করতে পারব? আর শেষ পর্যন্ত যদি বহিষ্কার হই, আইনানুযায়ী আমার সন্তানের অভিভাবকত্ব কাউকে দিয়ে যাওয়ার প্রক্রিয়াটাই বা কী হবে?’