'সবাই মানে, ট্রাম্পের আচরণ শিশুর মতো'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রচিত বিতর্কিত বইয়ের লেখক মাইকেল ওলফ বলেছেন, ট্রাম্পের আচরণ শিশুর মতো। প্রেসিডেন্ট ওই বইয়ের তথ্য মিথ্যা বলে দাবি করার পর ওলফ বলেছেন, এই মুহূর্তে এ বিষয়ে বিশ্বের সব মানুষের তুলনায় ট্রাম্পের বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে কম।
টেলিভিশন চ্যানেল এনবিসির ‘টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে শুক্রবার কথা বলেন সদ্য প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের লেখক ওলফ। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ঘনিষ্ঠ যতজনের সঙ্গে আমি কথা বলেছি, সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে ট্রাম্পের আচরণ শিশুর মতো। শিশুদের যেমন তাৎক্ষণিক মনোতুষ্টির প্রয়োজন হয়, ট্রাম্পেরও তেমনি। যেমন আমাকে ও প্রকাশককে আইনি নোটিশ দেওয়ার ব্যাপারটি। আমি জানতে পেরেছি, হোয়াইট হাউসের সংশ্লিষ্ট সব কর্মকর্তাই এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজি ছিলেন না। কিন্তু ট্রাম্প জোর করে এটি করেছেন। কারণ তাঁর মনে হয়েছে, এটি করতেই হবে।’
বইটি আগামী মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা প্রকাশে বাধা দিয়ে আইনি নোটিশ পাঠানোর পর আগেভাগেই শুরু হয়ে গেছে বইটির বিক্রি। বিবিসির খবরে বলা হয়েছে, এরই মধ্যে বিভিন্ন দোকানে বইটি কিনতে উৎসাহী পাঠকদের লম্বা লাইন দেখা গেছে।
‘টুডে শো’ অনুষ্ঠানে মাইকেল ওলফ নিজের বইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েও বক্তব্য দেন। তাঁর দাবি, বইয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হরহামেশা দেখা ও কথা হচ্ছে, এমন ব্যক্তিদের কাছ থেকেই এসব তথ্য পেয়েছেন তিনি। কথা বলেছেন ট্রাম্পের সঙ্গেও। এসব কথা ও সাক্ষাৎকারের প্রমাণ আছে বলেও দাবি করেন ওলফ।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকালে এক টুইট বার্তায় এই বইকে ‘মিথ্যায় ভরা’ বলে অভিহিত করেন ট্রাম্প। টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ওই নকল বইয়ের লেখকের হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিল করে দিয়েছিলাম আমি। ওই বইয়ের ব্যাপারে আমি তাঁর সঙ্গে কখনো কথাই বলিনি। মিথ্যায় ভরা, ভুল ব্যাখ্যা ও অস্তিত্বহীন সূত্রের বয়ান। ওই ব্যক্তির অতীতের দিকে তাকান এবং দেখুন তাঁর ও পচা স্টিভের কী হয়!’
এই টুইটের সূত্র ধরে মাইকেল ওলফ বলেন, ‘তিনি যদি না-ই চান, তবে আমি সেখানে গেলাম কী করে? আমি অবশ্যই প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি।...সবকিছুর রেকর্ড আছে।’ তবে বইয়ের প্রকাশে বাধা দিতে ট্রাম্পের আইনজীবীদের চেষ্টার কারণে বইয়ের বিক্রি আরও বাড়বে বলে স্বীকার করে নিয়েছেন ওলফ। একগাল হেসে তিনি বলেন, ‘কোথায় আমি চকলেটের বাক্স পাঠাব?’
ওলফ আরও বলেন, একটি মাঝারি আকারের কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা যে কাজ করতেন না, সেই কাজই করেছেন ট্রাম্প। তাঁর লেখা বই আটকানোর চেষ্টা করেছেন। এই লেখকের দাবি, বইটি লেখার আগে গবেষণার অংশ হিসেবে মাস খানেক হোয়াইট হাউসে কাটিয়েছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের ভেতরের ও বাইরের বিভিন্ন ব্যক্তির প্রায় ২০০ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। রয়েছে হোয়াইট হাউসের উল্লেখযোগ্য অনেকের ঘটনার টুকরো টুকরো অংশ। বইটিতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর খোদ ট্রাম্পই বিস্মিত হয়েছিলেন। এ ছাড়া ট্রাম্পের সাবেক পরামর্শক স্টিভ ব্যাননের নানা বিস্ফোরক মন্তব্য আছে এ বইয়ে।
আরও পড়ুন...