যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর শেষ ভাষণে গতকাল মঙ্গলবার লৌহমানব ও জনপ্রিয় নেতাদের তীব্র সমালোচনা করেছেন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নিজ দেশে সম্প্রতি উত্থান হওয়া ডোনাল্ড ট্রাম্পের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উন্নয়নের পথে ‘‘সস্তা জনপ্রিয়তা’’ থেকে গণতন্ত্র বেশি দরকার। অথচ যুক্তরাষ্ট্রসহ বিশ্বে এখন এই জনপ্রিয়তাই বেশি গজিয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘অনেকে যুক্তি দেখান, ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে লৌহমানবের। আমি মনে করি, এই চিন্তা ভুল। কারণ, ইতিহাস সাক্ষ্য দেয়, এ ধরনের লোক কেবল দুটি পথ খোলা রাখে—হয় তারা সাঁড়াশি অভিযানে যায়, যা দেশের ভেতরে অস্থিরতার সৃষ্টি করে অথবা বিদেশি শত্রুদের বলির পাঁঠা করে, যা থেকে যুদ্ধ বেঁধে যেতে পারে।’
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যখন দ্রুত বাড়ছে, তখন এই মন্তব্য করলেন ওবামা। ট্রাম্প অভিবাসন ও জাতীয় নিরাপত্তা নিয়ে কট্টর ডানপন্থী ভূমিকা নিয়েছেন।
গত সোমবার ওবামাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ দুর্বল হয়ে গেছে। হাজারো থেকে লাখো লোককে আমরা দেশে প্রবেশ করতে দিচ্ছি।’
ট্রাম্পের এই অবস্থানের বিপরীতে জাতিসংঘ অধিবেশনে ওবামা বলেন, ‘নিজ দেশ থেকে বাধ্য হয়ে আসা শরণার্থীদের জন্য আমরা আমাদের হৃদয় উন্মুক্ত করে দিয়েছি। আমাদের চিন্তা করতে হবে, যদি এই অবর্ণনীয় অবস্থা আমাদের পরিবার ও সন্তানদের সঙ্গে হয়, তাহলে আমাদের কী অবস্থা হবে।’
মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, বিশ্বায়নের অমসৃণ পথকে আরও মসৃণ করতে হবে। সস্তা জনপ্রিয় ও গোঁড়া ব্যক্তির ‘ভিন্ন আশা’ নস্যাৎ করতে হবে।
ওবামা অবশ্য রাশিয়া ও পুতিনের সমালোচনায় কোনো রাখঢাক করেননি। তিনি বলেন, ‘আমরা এমন এক বিশ্বে আছি, যা সাম্রাজ্যবাদের ধারণা পেছনে ফেলে এসেছে। অথচ রাশিয়া শক্তি প্রয়োগ করে এর হৃতগৌরব ফেরানোর চেষ্টা করছে।’
সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে রুশ-মার্কিন মতৈক্য ভেস্তে যাওয়ার উপক্রম হওয়া সত্ত্বেও ওবামা বলেছেন, শক্তি প্রয়োগ নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টাই পারে পাঁচ বছরের এই সংঘাতের সমাধান করতে।
২০০৯ সালে ওবামা যখন ক্ষমতায় আসেন, তখন আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের কারণে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি দুর্বল ছিল। ওবামা বিভিন্ন ক্ষেত্রে অনেকটা সতর্ক ছিলেন বলে বিশ্লেষকেরা মনে করেন।
ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি দেখেছি, আমাদের বিরোধীরা, এমনকি সহযোগীরাও মনে করত, সমস্যাগুলো ওয়াশিংটনের তৈরি অথবা ওয়াশিংটনের পক্ষে সমাধান সম্ভব। সম্ভবত ওয়াশিংটনের অনেকেও তা বিশ্বাস করত।’