'সহিংস কট্টরপন্থা' নিয়ে ওবামার সম্মেলন
‘সহিংস কট্টরপন্থার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলন ডেকেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার থেকেই তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হওয়ার কথা। খবর ওয়াশিংটন পোস্টের।
হোয়াইট হাউস বলছে, সহিংস কট্টরপন্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে মতৈক্য হতে পারে এ সম্মেলনে।
জঙ্গি সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে গলা কেটে হত্যার নতুন নৃশংসতা দেখানোর প্রেক্ষাপটে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে ওবামা আশা করছেন, তিনি সন্ত্রাসবাদের জন্য ঢালাওভাবে কট্টর মুসলিমদের দায়ী করার ব্যাপারটি এড়াতে পারবেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানীয় সমাজকর্মী এবং ৬০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। তরুণদের সন্ত্রাসী তৎপরতায় যোগ দেওয়া নিরুৎসাহিত করাই এ সম্মেলনের লক্ষ্য। মার্কিন প্রশাসন এ প্রসঙ্গে সন্ত্রাসের সঙ্গে ‘ইসলাম’ বা ‘মুসলিম’ কথাগুলোকে মিলিয়ে না ফেলতে সতর্কতা অবলম্বন করছে।