'সিরি'কে মনের কথা বলায় কিশোর গ্রেপ্তার!
অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হলো ‘সিরি’। একে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা যায়। সঠিক ও সংশ্লিষ্ট জবাবও মেলে তৎক্ষণাৎ। কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করলে? সেই ফলাফলই এখন ভোগ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের এক স্কুলপড়ুয়া ছেলেকে। ওই কিশোরকে গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ছেলেটির বয়স মোটে ১৩ বছর। অ্যাপলের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে সম্প্রতি সে জিজ্ঞেস করেছিল, ‘আমি একটি স্কুলে গুলি চালাতে চাই।’ পরে এ বিষয়ে উত্তর দেয় সিরি। সেই কথাগুলো আবার অনলাইনে প্রকাশ করে ছেলেটি। এতেই টনক নড়ে পুলিশের। তারা ওই ছেলেকে গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠায়।
সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা বলছেন, ওই ছেলেটি অস্ত্রের নাগাল পায়নি বলেই তাঁরা মনে করেন। ভ্যালপারাইসো পুলিশ বিভাগের দেওয়া এক বিবৃতিতে গত বৃহস্পতিবার বলা হয়, ছেলেটির কথার জবাবে স্থানীয় কিছু স্কুলের তালিকা তৈরি করে দিয়েছিল অ্যাপলের ‘সিরি’।
তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্কুলকে হুমকি দেয়নি ওই ছেলে। পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘হুমকির বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। কিন্তু এ ধরনের কাজ পুলিশ বিভাগ খুব গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। আমরা স্থানীয় স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছি।’