'সিলিকন ভ্যালির অভিজ্ঞতা দেশের কাজে লাগান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, পাশে উপস্থাপিকা
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, পাশে উপস্থাপিকা

বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ব্রেক চলছে। মার্চের ৩০ তারিখ দুপুরে আমি আর আমার স্ত্রী দিয়া গাড়ি নিয়ে বের হয়েছি লস অ্যাঞ্জেলেসে যাব বলে। সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেসের দূরত্ব প্রায় সাড়ে ছয় শ কিলোমিটার। ছয় ঘণ্টার ড্রাইভ। ইচ্ছে, বিকেলের মধ্যে সেখানে পৌঁছে এদিক-সেদিক ঘোরাঘুরি করে এক রাত থেকে পরদিন আবার চলে আসব। ফ্রিওয়েতে ঘণ্টা দেড়েক গাড়ি চালানোর পর হঠাৎই দিয়ার মোবাইলের ইভেন্ট রিমাইন্ডার জানাল, আজ বিকেলে সান্তা ক্লারাতে বাংলাদেশের আইসিটি মন্ত্রীর একটা অনুষ্ঠান আছে—স্টার্টআপ বাংলাদেশ মিটআপ। তথ্য বলতে শুধু এটুকুই। বিস্তারিত কিছু আর জানি না। বলতে না বলতেই পরিচিত একজন ফোন দিলেন। তাঁর কাছ থেকে শুনে বুঝতে পারলাম, সিলিকন ভ্যালিতে কাজ করা এবং এখানকার আইটি সেক্টরে প্রভাবশালী বাংলাদেশি ও বিদেশিদের এক মিলনমেলা হতে যাচ্ছে অনুষ্ঠানটি। বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সবার সামনে আইটি ক্ষেত্রে বাংলাদেশের বাজার এবং সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরবেন।
লাঞ্চের সময় পেরিয়ে গেছে অনেক আগেই। খিদেও লেগেছে বেশ। সেলিনাস নামের একটা জায়গায় গাড়ি থামিয়ে লাঞ্চ করতে করতে সিদ্ধান্ত নিলাম আজ আর লস অ্যাঞ্জেলেসে যাচ্ছি না। এই অনুষ্ঠানেই যাব। সরকারের এই উদ্যোগে উপস্থিত থাকা দরকার। গাড়ি ঘুরিয়ে ঘণ্টা দুই ড্রাইভ করে সন্ধ্যা নাগাদ চলে এলাম সিলিকন ভ্যালির মধ্যমণি সান্তা ক্লারা শহরের হায়াত রিজেন্সি হোটেলে। দরজা খুলে ভেতরে ঢুকে বুঝলাম অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হলভর্তি বে এরিয়ার বিখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করা মানুষজন। গুগল, ফেসবুক, মাইক্রোসফটে কাজ করা কম্পিউটার প্রকৌশলী থেকে শুরু করে বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—কে নেই। তাঁদের কেউবা এখানে এসেছেন ৩০ বছর হয় কেউবা সদ্য থিতু হয়েছেন।
স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবিন প্রথমেই আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, স্টার্টআপ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমেরই একটা অংশ। এর উদ্দেশ্য বাংলাদেশে স্টার্টআপ, মেন্টরশিপ ও ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম তৈরি করা, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করা। তাঁর কথার সুর ধরেই মঞ্চে আসেন বিনিয়োগ বিশেষজ্ঞ ইউসুফ খান। তিনি সিলিকন ভ্যালির ইকোসিস্টেম সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দেন। এরপর প্রদর্শন করেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র।
এরপর ডায়াসে আসেন গুগল গ্লাস স্টার্টআপ অগম্যাডিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াল শাকিল। তিনি বলেন, ‘আমার বাবা বাংলাদেশি। বাংলাদেশও আমার দেশ। প্রতিবছরই আমি বাংলাদেশে যাই। বাংলাদেশ কাজ করার এক দারুণ জায়গা। প্রচুর বাংলাদেশি তরুণ রয়েছে, যারা বৈশ্বিক প্রতিযোগিতায় লড়াই করার মতো প্রতিভাবান। তাই অগম্যাডিক্স সান ফ্রান্সিসকোর পাশাপাশি ঢাকায়ও একটি অফিস খুলেছে। সেখানে প্রায় ২০০ বাংলাদেশি তরুণ অগম্যাডিক্সের হয়ে কাজ করছে। সবাই খুব দারুণ করছে। সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের তরুণদের সঙ্গে কাজ করলে দুই দেশের প্রতিষ্ঠানই উপকৃত হবে। এর জন্য বাংলাদেশ সরকার এগিয়ে এসেছে। এটা খুবই ভালো সংবাদ।’
এরপর ডায়াসে আসেন জুনাইদ আহমেদ। তিনি বাংলাদেশ সরকারের ডিজিটাল কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তির বিনিয়োগে ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছে। ১০ বছর পর্যন্ত করপোরেট ট্যাক্স মওকুফসহ নানা ধরনের কর মওকুফের সুবিধা তৈরি করছে। কারণ, আমরা চাই ডিজিটাল ইনোভেশনে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরাও এগিয়ে যেতে। আমাদের তিন লাখের মতো আইটি প্রফেশনাল এক হাজারেরও বেশি আইটি ও সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করছে। বাংলাদেশ থেকে বেশ কিছু প্রতিষ্ঠান বিদেশি বাজারে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। সেই সঙ্গে প্রচুর বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ করেছে। বাংলাদেশ একটা বিশাল বড় বাজার। আমাদের মোবাইল গ্রাহক কয়েক কোটি। আজ এখানে আমাদের আসার উদ্দেশ্য বাংলাদেশের বাজারটাকে আরও বড় করা এবং পৃথিবীর আইটি হাব সিলিকন ভ্যালির সঙ্গে দেশের বাজারের যোগাযোগটা আরও বৃদ্ধি করা। আপনারা যাঁরা এখানে আছেন, দীর্ঘদিন হয় সিলিকন ভ্যালিতে কাজ করছেন, তাঁরা সিলিকন ভ্যালির অভিজ্ঞতা দেশের কাজে লাগান। আমাদের অনেক উদ্যোগী তরুণ আছে, তাদের বুদ্ধি-পরামর্শ দিন, দেশের আইটি খাতে বিনিয়োগ করুন। সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
এরপর নেটওয়ার্কিং অংশে সবার অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে হলরুম।