
লেখক অমর মিত্র বললেন, ‘রাজনৈতিক সীমানা যাই হোক, তাজমহল বা জোড়াসাঁকোর ওপর বাংলাদেশের মানুষের অধিকার যেমন অনস্বীকার্য, ঠিক তেমন জীবনানন্দের বরিশালের ওপর পশ্চিমবঙ্গের বাঙালিদের রয়েছে সমান অধিকার। খুব ইচ্ছা ছিল উপন্যাস ‘ধ্রুবপুত্র’-এর গবেষণার জন্য পাকিস্তানের খাইবার পাস বা পেশোয়ার যাওয়ার। কিন্তু সীমান্তের বাধা আর ডিঙানো হলো না।’ ‘ধ্রুবপুত্র’ পরে ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিল। কিন্তু সেই পুরস্কার সীমান্তকেন্দ্রিক এই বাধার ক্ষোভ লেখকের মন থেকে দূর করতে পারেনি। গত ৩১ মার্চ আটলান্টার সেবা বাংলা লাইব্রেরিতে অন্তরঙ্গ আলোচনায় লেখক অমর মিত্রের কণ্ঠস্বর দুই-একবার আবেগে ভারাক্রান্ত হয়ে উঠল। উপস্থিত দর্শক-শ্রোতারাও আবিষ্ট হলেন তাতে।
কপোতাক্ষ নদীর কথা বলতে গিয়ে আরেকবার আবেগে প্রায় কণ্ঠরোধ হয়ে যায় লেখকের। দেশভাগের দগদগে ক্ষত অমর মিত্রের অস্তিত্ব জুড়ে। জন্ম তাঁর বাংলাদেশের সাতক্ষীরায়। ৫০-এর দশকে পরিবারের সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গে। বহু বহু বছর পর বাংলাদেশে বেড়াতে এসে যখন কপোতাক্ষ প্রত্যক্ষ করেন, তখন তার চেতনাজুড়ে মায়ের কাছে শোনা নদীর স্মৃতিকথা। জন্মভূমি ছেড়ে যাওয়ার বিচ্ছেদ যন্ত্রণায় কাতর মা সারা জীবন ফেলে আসা নদীর স্মৃতি আঁকড়ে ছিলেন। সেই কথাটা মনে করে অমর নিজেকে আর ধরে রাখতে পারেননি।
কলকাতার এই বিশিষ্ট লেখক আটলান্টায় আসেন ‘গল্পপাঠ’, ‘কথামালা’ নামের দুটি প্রবাসী সংস্থা এবং অনলাইন পাঠকের আসর ‘বইয়ের হাট’র সহায়তায়। দুই বাংলার সংস্কৃতিপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সেবা লাইব্রেরিতে বসেছিল তাঁকে নিয়ে সাহিত্য আড্ডা। তিন হাজারের বেশি বইয়ের সংগ্রহ এই আড্ডায় নিয়ে এসেছিল ভিন্ন এক মাত্রা।
অমর মিত্রের প্রথম প্রকাশিত গল্প সংকলন প্রকাশিত হয় ১৯৭৮ সালে। দীর্ঘদিনের লেখক জীবনে ৩০টি উপন্যাস ছাড়াও গল্প সংকলন ও তাঁর লেখা ছোটদের বই প্রকাশিত হয়েছে। লিটল ম্যাগাজিন থেকে কলকাতার ‘দেশ’, বাংলাদেশের ‘কালি ও কলম’ নানা পত্রিকায় তাঁর লেখা বেরিয়েছে। প্রতিদিন সকালে এখনো নিয়ম করে লিখতে বসেন।
শুভশ্রী নন্দীর সঞ্চালনায় যত্ন ও প্রস্তুতির ছাপ ছিল স্পষ্ট। তাঁর অত্যন্ত সুচিন্তিত আলোচনা ও প্রশ্নের উত্তরে আগত জনা তিরিশেক মনোযোগী দর্শক-শ্রোতার কাছে লেখক আস্তে আস্তে নিজেকে মেলে ধরেন। আলোচনায় তাঁর দুটি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস- ‘ধ্রুবপুত্র’ ও ‘অশ্বচরিত’ উপন্যাসের প্রসঙ্গ যেমন এল, তেমন তাঁর লেখালেখি ও চিন্তা-ভাবনা সম্বন্ধে অনেক কথা শোনা গেল।
মিতবাক, ছোট খাটো মানুষটির কথায় আতিশয্য বা আড়ম্বর নেই। রয়েছে স্থিত বিশ্বাস ও শান্ত প্রত্যয়ের ছাপ। তাঁর কথাবার্তায় এক উদার মানবিকতার পরিচয় পাওয়া গেল, যাতে অবিমিশ্রভাবে বিষণ্নতা মিশে রয়েছে। ধর্মমত ও রাজনৈতিক সীমানা নির্বিশেষে মানুষ মিলেমিশে শান্তিতে থাকুক, এই তাঁর ঐকান্তিক কামনা। কিন্তু বাস্তবে দেশ ভাগ ও নানা বিসম্বাদের ফলে যে মানুষে মানুষে বিভেদ ও বৈরিতা তৈরি হয়েছে, তার কথাও বললেন অকপটে।
তাঁর ‘ধ্রুবপুত্র’ উপন্যাসের পটভূমি কালিদাসের সমসাময়িক উজ্জয়িনী। কিন্তু কাহিনি সম্পূর্ণ তাঁর নিজের। সেই স্থান, সময় ও সমাজকে বোঝার জন্য রীতিমতো সংস্কৃত শিখেছেন এবং ঐতিহাসিক বিষয়ে অধ্যয়ন করেছেন। উজ্জয়িনী গিয়েছেন একাধিকবার। কালিদাসের আঁকা সমাজচিত্রকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি তাঁর ধ্রুবপুত্রে। কালিদাসের উজ্জয়িনী বর্ষণসিক্ত সুফলা ভূমি। আর অমর মিত্রের উজ্জয়িনী খরায় আক্রান্ত। সেখানে নেমে এসেছে অপশাসন ও অসহনশীলতার কালো ছায়া। সব মিলিয়ে ‘ধ্রুবপুত্র’ ইতিহাসের ভূমিতে নির্মিত হলেও জারিত হয়েছে সমসাময়িক কালের অস্থির রাজনৈতিক-সামাজিক দুশ্চিন্তায়।
‘অশ্বচরিত’-এর ইতিহাস আরও চমকপ্রদ। লেখক বললেন, ‘দীঘায় কিছুদিন থাকার সময় একটি রুগ্ণ ঘোড়া দেখি। এক হতদরিদ্র লোকের ওপর তাকে দেখাশোনার দায়িত্ব ছিল। সেই ঘোড়াই তাঁকে ‘অশ্বচরিত’ লিখতে উদ্বুদ্ধ করে।’ উপন্যাসে সেই ঘোড়া এল সহস্রাধিক বছরের সময়কালের সাক্ষী হয়ে। সেই গৌতম বুদ্ধের আমল থেকে নিকট অতীত হিরোশিমা পর্যন্ত তার কাল বিস্তৃত। গল্প শুধু বাস্তবতার নিগড়ে আবদ্ধ থাকেনি।
লেখকের ‘কালি ও কলম’ সাময়িকীতে প্রকাশিত একটি ছোট গল্পপাঠ ওই সন্ধ্যার একটি উজ্জ্বল প্রাপ্তি। এই গল্পে গভীর দরদের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের একজন সাধারণ মানুষের চিত্র এঁকেছেন লেখক। নানান বাঙ্ময় অনুপুঙ্খের বর্ণনায় সেই চিত্রটি জীবন্ত হয়ে উঠেছে। এখানেও পরাবাস্তবতার ছোঁয়া রয়েছে। হিংসা-দ্বেষ জর্জরিত সমাজে অসহায় সাধারণ মানুষের দুরবস্থায় লেখকের সঙ্গে পাঠকের মনও বেদনায় ভরে ওঠে।
অনুষ্ঠানের শেষে সংক্ষেপে লেখক জানালেন, দূর দেশের এই অনুষ্ঠানে এসে তাঁর লেখা সম্বন্ধে এমন মনোযোগ ও আগ্রহ দেখে তিনি বিস্মিত ও প্রীত। সেদিনের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে দর্শক-শ্রোতাদের সাগ্রহ অংশগ্রহণে বোঝা গেল, এই আনন্দ শুধু একপক্ষের নয়।