'স্টে হোম' আদেশের বিরুদ্ধে মিশিগানে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ে গভর্নর গ্রিচেন হুইটমারের ‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে ১৫ এপ্রিল হাজার হাজার নাগরিক বিক্ষোভ করেছেন। সমাবেশ দুই ঘণ্টা চলার কথা থাকলেও শুরুর ৬ ঘণ্টা পরও দীর্ঘ গাড়ির সারি ও ভেঁপু বাজাতে দেখা গেছে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা ল্যান্সিংয়ে সমবেত হন।
বিক্ষোভকারীরা আমেরিকার জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড বহন করেন, তাতে লেখা ছিল—‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গ্রিডলক’। আয়োজকেরা বিক্ষোভের একটি গাইড লাইন তৈরি করেছিলেন, এতে গাড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করার অনুরোধ জানানো হয়। বিক্ষোভের কারণে যানজট দেখা দিয়েছিল।
বিক্ষোভকালে অধিকাংশ বিক্ষোভকারী গাড়িতে অবস্থান করছিলেন। তবে কেউ কেউ গাড়ি থেকে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেককে মন্তব্য করতে দেখা যায়, এভাবে চলতে থাকলে ছোট ছোট ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হবে এবং তা অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে, যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।
এদিকে গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, ‘আমি প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু এখানে সমবেত হাজার হাজার মানুষ নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে ফেলছেন।’ সমাবেশে অংশগ্রহণকারী মানুষ মাস্ক না পরায় বা কাড়প দিয়ে মুখ ঢাকা না দেখে তিনি হতাশ হয়েছেন।