'স্বাধীনতাকে অপছন্দ করলে এ দেশ ছাড়ুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনারা যদি আমাদের স্বাধীনতাকে অপছন্দ করে থাকেন, তাহলে এ দেশ ছেড়ে চলে যান।’ গত মঙ্গলবার আদালতে চিৎকার করে এ কথাই বলেন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে ট্রেনে দুই ব্যক্তিকে হত্যা করা জেরেমি জোসেফ ক্রিস্টিয়ান (৩৫)। ওই দুই ব্যক্তি ক্রিস্টিয়ানের ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদ করায় তিনি তাঁদের ছুরি মেরে হত্যা করেন।

আদালতে তোলার পর জেরেমি ক্রিস্টিয়ান চিৎকার করে বলেন, ‘আমেরিকার শত্রুদের মৃত্যু কামনা করছি।...আপনারা একে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু আমি বলি দেশপ্রেম।’

দৃশ্যত যুক্তরাষ্ট্রে থাকা গোঁড়া মুসলিমদের প্রতি ইঙ্গিত করে ক্রিস্টিয়ান আরও বলেন, ‘আপনারা যদি আমাদের স্বাধীনতাকে ঘৃণা করে থাকেন, তাহলে এই দেশ ছেড়ে চলে যান।’

মঙ্গলবারের শুনানি শেষে ৭ জুন এ মামলার আবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

পোর্টল্যান্ডে গত শুক্রবার একটি ট্রেনে ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার মুসলিম বন্ধুর ওপর ছুরি নিয়ে হামলা চালান জেরেমি। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে সাবেক সেনাসহ দুই ব্যক্তি নিহত হন। পুলিশ বলেছে, ঘটনার সময় জেরেমি বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলছিলেন।