'স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়া শিশু স্বাস্থ্যবান হয়'
অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের তুলনায় স্বাভাবিক প্রসবে জন্ম নেওয়া শিশুরা স্বাস্থ্যবান হয়। তাদের রোগ প্রতিরোধক্ষমতাও বেশি থাকে। তাদের ক্ষেত্রে অ্যালার্জি, হাঁপানি কিংবা অটিজমের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অনেক কম। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একদল গবেষক এক প্রতিবেদনে এমনটাই বলছেন। খবর আইএএনএসের।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতির শরীর থেকে নবজাতকের শরীরে একধরনের অণুজীব স্থানান্তরিত হয়। এটি নবজাতকের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং তাকে শক্তিশালী হতে সাহায্য করে। ত্বক, শ্বসনযন্ত্র ও অন্ত্রে মানুষ কোটি কোটি স্থানান্তরযোগ্য অণুজীব বা মাইক্রোবায়োম বহন করে। স্বাভাবিক প্রসব হলে মায়ের শরীর থেকে শিশুর শরীরে ওই মাইক্রোবায়োম স্বাভাবিকভাবে স্থানান্তরিত হয়। নতুন গবেষণাটি বলছে গর্ভাবস্থায়, প্রসবকালে এবং শিশুর জন্মের কয়েক দিনের মধ্যে মায়ের অন্ত্রের মাইক্রোবায়োমের কার্যক্রম বাধাগ্রস্ত হলে শিশুর শরীরে মাইক্রোবায়োম নিঃসৃত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এতে শিশু পরবর্তী জীবনে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। জন্মের পরেও স্পর্শের মাধ্যমে মায়ের শরীর থেকে এটি শিশুর শরীরে সঞ্চারিত হয়।