'হরেক মাল ছে আনা'

ছোটবেলায় নানাবাড়ি সিলেটের গোলাপগঞ্জে যেতে হতো সিলেট শহর হয়ে। চলন্ত গাড়ি থেকে বাইরের দৃশ্য দেখতাম। শহরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টের সামনের খোলা জায়গায় রকমারি জিনিসের পসরা সাজিয়ে দোকানের লোক ডেকে চলছে—‘হরেক মাল ছে আনা, হরেক মাল ছে আনা’।
সামনে নীল রঙের পলিথিনের চাদরে সাজানো নানা জাতের ব্যবহার্য দ্রব্যাদি। গায়ে মাখা সাবান, সুগন্ধি তেল, ছোট বড় নানা মাপের চিরুনিসহ হরেক জাতের প্রসাধনী। সঙ্গে ছোটদের খেলনা। এ ছাড়া থাকত গৃহস্থলী কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী। সব জিনিসের আকার-আয়তনের ভিন্নতা থাকলেও সব জিনিসের দামই কিন্তু সমান। একদাম—মাত্র ছয় আনা। তাই বলেই হয়তো দোকানে নাম ছিল ‘হরেক মাল ছে আনা’।
নিউইয়র্কে এসে দেখলাম নানা জায়গায় ‘হরেক মাল ছে আনার দোকান’। আমি ৯৯ সেন্টের দোকানগুলোর কথা বলছি। এখানে অধিকাংশ সামগ্রীর বাঁধা দাম ৯৯ সেন্ট। অর্থাৎ ১ ডলারেরও কম। সবকিছুই আছে। এখানে খাদ্যসামগ্রী থেকে শুরু করে বাথরুমে ব্যবহার্য দ্রব্যাদি পর্যন্ত; প্রসাধনী থেকে আরম্ভ করে ঘর সাজানোর সবকিছুই মেলে অনেক কম দামে। দেখে মনে হলো এখানেও ‘হরেক মাল ছে আনা’ নামের দোকান বেশ জনপ্রিয়। ব্যবধানটি হলো দেশের দোকানে সমস্বরে চিৎকার করে ডেকে ডেকে দাম বলত। এখানে প্যাকেটে লেখা দাম দেখে সবাই কিনে নেয়।
নিউইয়র্ক অভিবাসীদের শহর। দুনিয়ার নানা প্রান্তের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই আসছে হাজার হাজার নতুন অভিবাসী। এদের অধিকাংশের আমেরিকা বাস শুরুই হয় নিউইয়র্ক নগরী থেকে। এখানে আসার অনেক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো, এই শহরে আছে চাকরির বিরাট বাজার। এ ছাড়া আমেরিকার অন্য রাজ্য থেকে অনেক বেশি সামাজিক নিরাপত্তার সুবিধা নিউইয়র্ক শহরে এখনো চালু আছে।
এই শহরে আসা সব নবাগত বৈধ-অবৈধ অভিবাসীদের শুরুর চিত্র কিন্তু অভিন্ন। আমেরিকায় আসার পথ আজকাল অনেক ব্যয়বহুল। মোটা অঙ্কের ভিসা ফি পরিশোধ করে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় ভাড়া বাবদ। সব খরচ কুলিয়ে কম লোকজনের পক্ষেই সম্ভব পর্যাপ্ত ডলার নিয়ে আমেরিকায় আসা।
আমেরিকায় নবাগতদের বেলায় ৯৯ সেন্টের তথা স্বল্পমূল্যের দোকানগুলো বেশ জনপ্রিয়। পকেটে স্বল্প ডলার নিয়ে এসে চাকরিবিহীন অবস্থায় থাকা অনেকের সাহায্যকারী রূপে পাশে দাঁড়ায় ৯৯ সেন্টের এসব দোকান। তাই হয়তো এসব দোকানে ভিড়ভাট্টা যেমন বেশি, তেমনি বিক্রিও ভালো। এসব দোকানে নানা ভাষাভাষী ক্রেতারা আসে বলেই দরকার হয় বিভিন্ন ভাষা জানা বিক্রয়কর্মীর। এই প্রয়োজনীয়তা থেকেই দোকানগুলোতে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। একইভাবে অল্প ইংরেজি জানা নারী-পুরুষের জন্য প্রথম কর্মস্থল হয়ে ওঠে ৯৯ সেন্টের দোকান। এখানে প্রাথমিকভাবে ইংরেজি কম জানা থাকলেও কাজ করতে বেশি বেগ পেতে হয় না। পাশাপাশি মেলে দেশীয় পুরোনো সহকর্মীদের সহযোগিতা। কিছুদিন সহকর্মীদের সঙ্গে টুকটাক ইংরেজি বলতে বলতে একসময় ভাষাটি অনেকটা আয়ত্তে এসে যায়। স্বাভাবিক চলাফেরায় মেলে অনেক সহায়তা।
বাংলাদেশ থেকে আসা বেশির ভাগ অভিবাসীদের শিক্ষার মান তেমন ভালো না। এমনকি অনেকেই প্রাথমিক জ্ঞানের থাকে বড্ড অভাব। ৯৯ সেন্টের দোকানের সবচেয়ে ভালো দিক হলো এখান থেকে প্রয়োজনীয় অনেক জিনিস কম দামে কিনে কাজ চালানো যায়। নতুন সংসারের শুরুতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র অভিবাসীদের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে আসে।
দোকানের বেশির ভাগ মালামাল তৈরি হয় চীনে। কমদামি বলেই হয়তো এসব জিনিস তেমন টেকসই হয় না। কিন্তু জরুরি কাজ কোনো রকমে সেরে নেওয়া যায় বলে এসব দোকানের অনেক কদর! এ ছাড়া সব ধরনের সামগ্রী সস্তায় পাওয়ার ব্যাপার তো রয়েছে। অভিবাসীরা দেশে বেড়াতে যাওয়ার সময় সাধারণত মালামাল ৯৯ সেন্টের দোকান থেকেই নিয়ে যান। এর মধ্যে শ্যাম্পু, লোশন ও ক্রিম জাতীয় সামগ্রী থাকে বেশি।
অধিকাংশ ৯৯ সেন্টের দোকান ব্যক্তি মালিকানাধীন। অনেক দোকানের মালিক অন্য দেশীয় হলেও বর্তমানে বাংলাদেশিরা সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। আমেরিকাতে ৯৯ সেন্টের দোকান যৌথ ব্যবস্থাপনায় পরিচালনা করা যায়। বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়। এ ক্ষেত্রে প্রয়োজন ব্যবসায়িক সুনাম ও জামানতের জন্য পুঁজি।
ওয়ান ইন ওয়ান আউট সিস্টেমে চুক্তিবদ্ধ দোকানগুলো চলে। সব মালামাল আসে নির্দিষ্ট ডিপো হতে। আগে সরবরাহ করা মালামালের দাম পরিশোধ করে দিলেই কোম্পানি চাহিদা মতো আরেক চালান সরবরাহ করে। তা ছাড়া বাইরে থেকে চাহিদা মতো নানা পণ্যসামগ্রী সংগ্রহ করে ব্যবসা করা যায়।