'হাই হিল' পরতে বাধ্য!
কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য পোশাক নির্ধারণ করে দিতেই পারে। তবে সেই পোশাক হতে হয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য নির্ধারিত পোশাক রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে নির্ধারিত ওই পোশাকের সঙ্গে নারী কর্মীদের ‘হাই হিল’ জুতা পরা বাধ্যতামূলক ছিল।
তবে এই ‘হাই হিল’ জুতা পরার বাধ্যবাধকতা বাতিল করেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক সরকার বলেছে, নারী কর্মীদের ‘হাই হিল’ জুতা পরার বাধ্যবাধকতা বৈষম্যমূলক। এতে নারীদের চরম নিরাপত্তাহীনতা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হয়।
প্রাদেশিক সরকার আরও বলেছে, যাঁরা ‘হাই হিল’ জুতা পরেন, তাঁদের হোঁচট খেয়ে পড়ে আহত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে পায়ের পাতা, পা ও পেছনের অংশ বড় ধরনের চোট লাগতে পারে। এমন ঘটনা যাতে না ঘটে এবং নারীরা যাতে আরামে চলাফেরা করতে পারেন—এমন ধরনের জুতাই প্রতিষ্ঠানগুলোর নির্ধারণ করে দেওয়া উচিত।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চে প্রদেশের গ্রিন পার্টির রাজনীতিকেরা কর্মক্ষেত্রে নারী ও পুরুষের জন্য আলাদা জুতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি বিল উত্থাপন করেন। কিন্তু এই বিলটি পাস করার পরিবর্তে প্রাদেশিক সরকার কর্মক্ষেত্রে নারীদের ‘হাই হিল’ জুতা পরার বাধ্যবাধকতা বাতিল করার ঘোষণা দেয়।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক প্রধানমন্ত্রী ক্রিস্টি ক্লার্ক বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের “হাই হিল” জুতা পরার বিধান যুক্তিসংগত নয়। প্রদেশের বেশির ভাগ নাগরিক ও সরকারও এটাকে ভুল বলে রায় দিয়েছেন। এ কারণেই আমরা এই বৈষম্যমূলক ও অনিরাপদ বিধানটি বন্ধ করে দিচ্ছি।’