হিলারি এখনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি, কিন্তু প্রেসিডেন্সি চালানোর জন্য কর্মী বাছাইয়ের কাজটি শুরু হয়েছে হিলারি শিবিরে। তাঁর ক্যাম্পেইন চেয়ারম্যান জন পডেস্টার তত্ত্বাবধানে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার। তাঁর সঙ্গে আছেন আরও দুই ডজন অভিজ্ঞ কর্মকর্তা।
সম্পূর্ণ গোপনীয়তার মধ্য দিয়ে তাঁরা প্রতিটি উচ্চপর্যায়ের পদের জন্য প্রার্থীর তালিকা তৈরি করছেন। মন্ত্রিসভার সদস্য ছাড়াও ফেডারেল পর্যায়ে বিভিন্ন পদে চার হাজার পদের জন্য তাঁদের প্রার্থী বাছাই করতে হবে।
মন্ত্রিসভার প্রধান পদগুলো কারা পাচ্ছেন, সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি পডেস্টা বা সালাজার। দলের কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু একটি ডেমোক্রেটিক প্রশাসন থেকে আরেকটি ডেমোক্রেটিক প্রশাসনে ক্ষমতার হাতবদল হচ্ছে, সেই কারণে তাঁদের বাছাই প্রক্রিয়াটিতে জটিলতা কম।
ওবামা প্রশাসনের প্রাক্তন বা বর্তমান সদস্যদের কেউ কেউ হিলারি প্রশাসনে অন্তর্ভুক্ত হতে পারেন। তবে কারও নাম তাঁরা প্রকাশ করতে চাননি। পররাষ্ট্র ও অর্থ বিভাগে কারা নিয়োগ পাচ্ছেন, তা জানতে দলের উদারনৈতিক অংশ বিশেষভাবে আগ্রহী।
কোনো অতিরক্ষণশীল বা ওয়াল স্ট্রিটের সঙ্গে সংযুক্ত কোনো ব্যক্তি যেন এই দুই পদে নিয়োগ না পান, সে জন্য তাঁরা এখন থেকেই দাবি তোলা শুরু করেছেন।
এদিকে ট্রাম্প প্রশাসনের জন্যও সম্ভাব্য সদস্যদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। তাঁর দলে রয়েছেন প্রায় ১০০ সদস্য।