'হোমগ্রোন জঙ্গিদের ব্যাপারে সতর্ক থাকুন'

নিউইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেছেন, হোমগ্রোন জঙ্গি বা সন্ত্রাসীদের দমনের জন্য পরিবারকেই সবার আগে সতর্ক থাকতে হবে। বাবা-মাসহ পরিবারের সদস্যদের সন্তানদের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে।
১২ জুন নগরীর ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় পুলিশ কমিশনার জেমস পি ও’নিল এ কথা বলেন। সম্প্রতি নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক আশিকুল প্রসঙ্গে নাগরিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ব্রঙ্কসের গোল্ডেন প্লেস বাঙ্কুইট হলে আয়োজিত এ টাউন হল সভায় বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মাসুদ রহমান। সভাটির সঞ্চালনায় ছিলেন সুজাত খান, ক্যাপ্টেন জামিল ও হুমায়ূন কবির।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেন, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। পুলিশি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পরিবারের অল্প বয়সের সদস্যদের ওপর পরিবারের সতর্ক দৃষ্টি রাখা জরুরি।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন আব্দুল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পুলিশ কমিশনারের সঙ্গে নিউইয়র্ক নগরীর অন্যান্য বিভাগের প্রতিনিধিরাও এ সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার। প্রশ্নোত্তর পর্বে অন্যদের মধ্যে অংশ নেন হাসান আলী, আব্দুস শহীদ, এন মজুমদার, মঈন চৌধুরী, সালেহ উদ্দিন, ফাহাদ সোলায়মান, ডব্লিউ চৌধুরী প্রমুখ।