'হোয়াইট হাউসের নিরাপত্তায় শৈথিল্য ঘটেছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক বলেছেন, সম্প্রতি এক বহিরাগত হোয়াইট হাউসে ঢুকে পড়ার দিন তাঁদের নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। এ রকম ‘শৈথিল্য’ আর কখনো হবে না বলে অঙ্গীকার করেছেন তিনি। খবর বিবিসি ও সিএনএনের।
গত ১৯ সেপ্টেম্বরের ওই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে। আগে বলা হয়েছিল, ওমর গনসালেস নামের ওই ব্যক্তি হোয়াইট হাউসের প্রধান দরজা পর্যন্ত যেতে পেরেছিলেন। পরে জানা যায়, তিনি প্রেসিডেন্টের ভাষণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য ব্যবহৃত ‘ইস্ট রুম’ পর্যন্ত চলে যেতে সক্ষম হন। বলা হচ্ছে, ছুরির বদলে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র থাকলে যেকোনো অঘটনই ঘটতে পারত।
কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির শুনানিতে এলিট সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক জুলিয়া পিয়ারসন বলেন, তিনি ওই ‘অগ্রহণযোগ্য’ ঘটনার পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। এ রকম আর ঘটবে না। তিনি উল্লেখ করেন, গত পাঁচ বছরে নিরাপত্তাকর্মীরা হোয়াইট হাউসের বেড়া টপকানো ২০ জনকে আটক করতে সক্ষম হন। ৪২ বছর বয়সী ওমর গনসালেস হোয়াইট হাউসের বেড়া টপকে আঙিনার ওপর দিয়ে দ্রুত দৌড় দেন। একপর্যায়ে উত্তর দিকের একটি খোলা দরজা দিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়েন। ভেতরে ঢোকার পরই কেবল তাঁকে আটকানো হয়।