'হোয়াইট হাউসে ট্রাম্পকে সরানোর চেষ্টা চলছে'
হোয়াইট হাউসের তথ্য অফিসের সাবেক পরিচালক অ্যান্থনি স্কারামুচি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কিছু লোক আছেন, যাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরানোর চেষ্টা করছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি এ কথা বলেন।
অ্যান্থনি স্কারামুচি হোয়াইট হাউসে তথ্য অফিসের দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিন পর গত ৩১ জুলাই তাঁকে অব্যাহতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর এই প্রথম তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বললেন।
স্কারামুচি বলেন, ট্রাম্পকে সরানোর চেষ্টা করা ‘লোকজন’ হোয়াইট হাউসেই আছেন। তিনি দাবি করেন, এমন কয়েকজনের নামও রয়েছে তাঁর কাছে। সাক্ষাৎকারে তিনি হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ রাইন্স প্রিবাসকেও আক্রমণ করেন।
হোয়াইট হাউসের তথ্য অফিসের সাবেক এই পরিচালক বলেন, ‘আমার ধারণা, ওয়াশিংটনে এবং হোয়াইট হাউসেও কিছু লোক আছেন, যাঁরা প্রেসিডেন্টের স্বার্থ দেখছেন না এবং তাঁর অ্যাজেন্ডা সমর্থন করছেন না।’ তিনি বলেন, নিজের অ্যাজেন্ডা বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আরও অনুগত’ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। তিনি মনে করেন, অ্যাজেন্ডা বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্পের মূলধারা ও মধ্যপন্থীদের দিকে আরও এগোনো দরকার।