
হঠাৎ আলোর ঝলকানি লাগার মতো ২০১৯ সালের সবচেয়ে বেশি বিক্রীত বইটির তালিকা দখলে নিল ৭০ বছর বয়সী বন্য প্রাণীবিষয়ক জীববিজ্ঞানী ডিলিয়া ওয়েন্সের প্রথম উপন্যাস ‘হয়্যার দ্য ক্রাউডেড সিং’। বইয়ের শিরোনামটির অনুবাদ কঠিন। কারণ ‘ক্রাউডেড’ শব্দটির প্রতিশব্দ বাংলায় নেই। ‘ক্রাউডেড’ আসলে একটি আঞ্চলিক শব্দ যা ‘ক্রেফিস’ অর্থাৎ স্বাদু পানির চিংড়ি অথবা কাদায় জন্মানো চিংড়ির মতো পোকা বোঝাতে ব্যবহার করা হয়। এই তথ্য থেকে আমরা বইটির বাংলা নামকরণ করতে পারি ‘যেখানে চিংড়ি গান গায়’। ‘ক্রাউডেড’ শব্দটি ২০১৯ সালে মেরিয়াম-ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে খোঁজা প্রথম ১০টি শব্দের একটি।
বইটি প্রকাশ পায় ২০১৮ সালের আগস্ট মাসে। প্রকাশক পাটনাম পাবলিশার্স প্রথমে বইটির মাত্র ২৮ হাজার কপি ছাপে। সাধারণত একটি বই যখন প্রথম প্রকাশ হয় তখনই তার কাটতি থাকে সর্বাধিক তার একটি প্রধান কারণ হলো বিজ্ঞাপন। আর এই বইটির ক্ষেত্রে এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। যার অন্যতম কারণ হলো পাঠকদের মুখে মুখে এর খ্যাতি ছড়াতে থাকে। পত্র পত্রিকায় ভালো সমালোচনা হয়। এভাবেই বইটির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ২০১৯ সালে তা সব বইয়ের বিক্রির শীর্ষে অবস্থান করে।
নিউইয়র্ক টাইমসের বেষ্ট সেলার লিস্ট তালিকায় একাধারে ৬৭ সপ্তাহ অবস্থান করে বইটি। এর মধ্য ৩০ সপ্তাহ ছিল তালিকার এক নম্বরে। আমাজনের বেষ্ট সেলার তালিকাতেও বইটি এক নম্বরে জায়গা করে নিয়েছে। প্রকাশক বইটি ছাপতে আরও ৪০ বার ছাপাখানার শরণাপন্ন হন। সাকল্যে ৫০ লাখ কপি বই ছাপতে হয়। এ পর্যন্ত ৪১টি দেশে বইটির সত্ত্ব বিক্রি হয়েছে। সাম্প্রতিক সময়ে নভেল বিক্রির পরিমাণ হ্রাস পাচ্ছে। আমেরিকার বিভিন্ন পণ্যের বিক্রির হিসাব রাখা একটি সংস্থার হিসাবে নভেল বিক্রির হার প্রতি বছরই হ্রাস পাচ্ছে। ২০১৫ সালে যেখানে নভেলের বিক্রি ছিল ১৪ কোটি ৪০ লাখ সেখানে ২০১৯ সালে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখে। যেসব লেখকের বইয়ের সব সময় বাজারে চাহিদা থাকে তাঁরা অনেক চেষ্টা করেও বাজার চাঙা করতে ব্যর্থ হচ্ছেন। এ ক্ষেত্রে মিস ওয়েন্স ব্যতিক্রম। আমেরিকার অন্যতম প্রকাশনা সংস্থা পেঙ্গুইন রেন্ডম হাউসের একজন বড় বিক্রয় পরিকল্পনাকারী যিনি, ‘দ্য ভিঞ্চি কোড’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এর মতো অনেক বিক্রীত বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলেছেন, গত ৩০ বছরেও তিনি এই রকম দেখেননি।
কোডেক্স গ্রুপ নামের একটি উপাত্ত সংগ্রহকারী সংস্থা চার হাজার ক্রেতার ওপর জরিপ চালিয়ে দেখেছেন, বইটির ৫৫ ভাগ পাঠক হলেন প্রগতিশীল, ৩০ ভাগ রক্ষণশীল এবং ১৫ ভাগ মধ্যপন্থী।
লেখক ওয়েন্স বড় হয়েছেন আমেরিকার জর্জিয়া রাজ্যে। সেখানে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় জুলজিতে পড়াশোনা করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে প্রাণীর ব্যবহার নিয়ে পিএইচডি করেছেন। তাঁর জীবনের বেশির ভাগ সময়ই মানুষের চেয়ে বন্য প্রাণীর সঙ্গেই বেশি কেটেছে। ১৯৭৪ সালে তিনি ও তাঁর স্বামী আফ্রিকায় বন্য প্রাণীর ব্যবহার অধ্যয়ন করতে যান। তাঁরা বতসোয়ানার কালাহারি মরুভূমিতে গবেষণা ক্যাম্প স্থাপন করেন। সেখানে তাঁরা সিংহ ও হায়েনার ব্যবহার এবং অভিপ্রয়াণ বিন্যাস নিয়ে পর্যবেক্ষণ করেন। আফ্রিকার জিম বাওয়াতে ডিলিয়া ওয়েন্স একটি ফাউন্ডেশন গড়ে তোলেন যার মাধ্যমে তাঁরা সেখানকার মানুষকে চাকরির প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য সেবা এবং শিক্ষার ব্যবস্থা করে জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তাঁরা অবৈধ ভাবে হাতি হত্যার বিরুদ্ধেও অনেক কাজ করেছেন।
বইটির কাহিনি সংক্ষেপ
ঘটনা কাল ১৯৫২। উত্তর ক্যারোলাইনার উপকূলে একটি ছোট্ট গ্রাম। চারদিকে যার জলাভূমি সেখানেই ছয় বছর বয়সী ক্যাথরিন ড্যানিয়েল ই ক্লার্কের (ডাকনাম কয়া) বেড়ে ওঠা। তার মা মদ্যপ বাবার কাছে তাকে ফেলে রেখে চলে যায়। মা ফিরে আসবে এই অপেক্ষায় থাকে কয়া। তার অন্য ভাইবোন মিসি, মারফি, মানডি এবং জলি সবাই একে একে বাবার নির্যাতনের শিকার হয়ে চলে যায়।
কয়াকে তার মা বাবার কাছে ফেলে রেখে গেলে তার বাবা কিছুদিন মদ্যপান ছেড়ে দেন। তিনি তাকে মাছ ধরতে শেখান। কয়া জলাশয়ে ঘুরে মাছ ধরে আর নানা ধরনের পালক, ঝিনুক ও শামুকের খোল সংগ্রহ করে। মায়ের ফেলে যাওয়া রং তুলি দিয়ে কয়া ছবি আঁকে। পড়ালেখা করতে পারেনি সে।
একদিন কয়া তাদের মেইল বক্সে মায়ের একটি চিঠি পায়। চিঠিটি সে বাবাকে দেয়। বাবা চিঠি পড়ে খুবই রাগান্বিত হন, আবার মদ্যপান শুরু করেন। প্রায়ই জুয়া খেলতে দূরে কোথাও চলে যান। একদিন তিনি আর ফিরে আসেন না। কয়া ভাবে তার বাবা হয়তো মরে গেছে।
কোনো টাকা পয়সা এবং পরিবার ছাড়া কয়া নিজেই বাঁচতে শেখে। নিজে নৌকা চালিয়ে ঝিনুকের মাংস সংগ্রহ করে বিক্রি করে। আশপাশের মানুষ তাকে ‘জলাশয় কন্যা’ নামে ডাকে। সে ওই এলাকার একটি স্কুলে গেলে তাকে অপরিষ্কার বলে বাচ্চারা ভর্ৎসনা করে। এরপর সে আর স্কুলে যায়নি। তার সঙ্গে পরিচয় হয় টেড ওয়াকার নামের এক যুবকের। টেড স্কুলে যেতেন। টেডও মাঝে মাঝে জলাশয়ে মাছ ধরতে যেতেন। একদিন কয়া রাস্তা হারিয়ে ফেললে টেড তাকে নৌকায় করে পৌঁছে দেয়। দুজনের মধ্যে রোমান্টিক সম্পর্কের জন্ম নেয়। টেড কয়াকে লিখতে ও পড়তে শেখায়। টেড উচ্চ শিক্ষার জন্য নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি যায়। তিনি বুঝতে পারেন কয়া তাঁর বর্তমান জীবন ছেড়ে আধুনিক সমাজে বাস করতে পারবে না, তাই তিনি কয়াকে বিদায় না বলেই চলে যান।
১৯৬৫ সালে কয়ার বয়স যখন ১৯ তখন সেই এলাকার তারকা ফুটবল খেলোয়াড়, প্লেবয় চেজ অ্যান্ডুসের সঙ্গে পরিচয় হয়। কয়াকে তিনি পিকনিকে নিয়ে যান। বিয়ে করবে বলে কয়ার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। কিছুদিন পর পত্রিকায় কয়া চেজের বিয়ের খবর দেখে।
এরও কিছুদিন পর চেজকে জলাশয়ের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। চেজের গলায় থাকা কয়ার দেওয়া ঝিনুকের মালাটি খোয়া যায়। পুলিশের শেরিফ এই হত্যাকাণ্ডের জন্য কয়াকে দায়ী করে। তাকে দুই মাসের জন্য অন্তরীণের আদেশ দেয়। পূর্ণাঙ্গ বিচারে কয়া নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্তি পায়। কয়ার পুরোনো বন্ধু টেড এ বিষয়ে তাকে সাহায্য করে। দুজনে আবার এক সঙ্গে বসবাস করতে শুরু করে। ৬৪ বছর বয়সে কয়া তার নৌকায় শেষ নিশ্বাস ত্যাগ করে।
অতি সংক্ষেপে এই হলো ‘হয়্যার দ্য ক্রাউডেড সিং’ এর কাহিনি। আমেরিকানরা স্বভাব সুলভ ভাবে রহস্য পছন্দ করে। এই বইয়ে তারা সেই স্বাদ পেয়েছে একই সঙ্গে প্রকৃতির সঙ্গেও পরিচিত হয়েছে। লেখক প্রকৃতি এবং জীব-জন্তুর ব্যবহার নিয়ে প্রায়োগিক জ্ঞানের অধিকারী হওয়ায় দৃশ্য বর্ণনা ছিল অতুলনীয়। ৩৭০ পৃষ্ঠার বইটি একটানা পড়ে শেষ করা যায়।