দুই নারীর সঙ্গে বাজি ধরে মদ্যপানের পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত বিয়ার পানে মৃত্যু হওয়া টিমোথি সাদার্ন
ছবি: টুইটার থেকে নেওয়া

দুই নারীর সঙ্গে বাজি ধরে বিয়ার ও ব্র্যান্ডির ২১টি ককটেল পানের চেষ্টা করে জ্যামাইকায় এক ব্রিটিশ ব্যক্তির মৃত্যু হয়েছে। স্ট্যাফোর্ডশায়ারের টিমোথি সাদার্ন নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ২১টি মধ্যে ১২টি ককটেল পান করেছিলেন।

টিমোথি তাঁর সন্তান, বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে জ্যামাইকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে তাঁর জন্মদিন উদ্‌যাপনকারী কানাডার দুই নারীর সঙ্গে তিনি দেখা করেছিলেন।

ওই দুই নারী জন্মদিন উদ্‌যাপনের অংশ হিসেবে মধ্যরাতের আগপর্যন্ত টিমোথিকে ২১টি ককটেল পান করে শেষ করার চ্যালেঞ্জ দিয়েছিলেন। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি ১২টি ককটেল শেষ করেছিলেন। তবে তিনি কত দ্রুত এসব ককটেল শেষ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এরপর সেন্ট অ্যানের দ্য রয়্যাল ডেকামেরন ক্লাব ক্যারিবিয়ান হোটেলে চলে যান টিমোথি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

কিংস্টনের একজন প্যাথলজিস্ট বলেছেন, অ্যালকোহল পানের কারণে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে টিমোথির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রাথমিক তদন্তে জানা গেছে, টিমোথি ওই দিন সকাল থেকে ব্র্যান্ডি ও বিয়ার পান করেছিলেন।

টিমোথির সঙ্গে থাকা পরিবারের এক সদস্য বলেন, ‘টিমোথির দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করেছিলাম। সে গড়গড় শব্দ করছিল। আমি তার নাম ধরে চিৎকার করেছিলাম, কিন্তু কোনো সাড়া মেলেনি।’

টিমোথির পরিবারের সদস্যদের অভিযোগ, হোটেলের জরুরি কর্মীরা কার্যকরভাবে তাঁর যত্ন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। পরিবারের আরেক সদস্য বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন নার্স এসেছিলেন। তাঁকে তিনি অ্যাম্বুলেন্স ডাকার কথা বলেছিলেন। কিন্তু ওই নার্স ‘না’ করেছিলেন।

হঠাৎ টিমোথির শরীরের তাপমাত্রা কমতে শুরু করে বলে জানান তাঁর পরিবারের সদস্য। ওই নার্স বলেন, টিমোথির পালস খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু নার্স বলেছিলেন তাঁর পালস আছে।

ওই নার্সকে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন টিমোথির পরিবারের সদস্যরা।

টিমোথির মরদেহ যুক্তরাজ্যে নিয়ে যেতে সহযোগিতা চেয়ে গোফান্ডমি ওয়েবসাইটে একটি পেজ খুলেছেন তাঁর পরিবারের সদস্যরা।