আদানির বিরুদ্ধে অভিযোগ তদন্তে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ও সেবিকে কংগ্রেসের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম আদানি

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিনডেনবার্গ রিসার্চের তোলা সব অভিযোগ তদন্ত করে দেখার জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) চিঠি দিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। আজ বুধবার গণমাধ্যমে সেই চিঠি প্রকাশ করে জয়রাম বলেন, প্রধানমন্ত্রীর স্নেহধন্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিনডেনবার্গ যেসব গুরুতর অভিযোগ এনেছে, সেগুলোর যথাযথ তদন্তের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুণ্ন রাখা জরুরি।

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে লেখা চিঠিতে জয়রাম দুটি বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন। প্রথমত, ভারতীয় ব্যাংকগুলোর কত টাকা আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত, আদানির সংস্থাগুলোয় বিদেশি বিনিয়োগে ভাটা দেখা দিলে এই ব্যাংকগুলো তাদের বাঁচাতে কী ধরনের আশ্বাস ও ভরসা দিয়েছে। তিনি বলেছেন, এই দুটি বিষয় অবশ্যই তাদের তদন্ত করা দরকার। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচকে লেখা চিঠিতে কংগ্রেসের মুখপাত্র বলেছেন, হিনডেনবার্গ রিসার্চ যেসব অভিযোগ তুলেছে, সেগুলোর প্রতিটির ‘যথাযথ, পূর্ণাঙ্গ ও পক্ষপাতহীন’ তদন্ত করতে হবে। তিনি লিখেছেন, ‘এই কাজে ব্যর্থ হলে ভারতের কোম্পানি এবং অর্থনীতির নিয়ন্ত্রকদের প্রতি গভীর প্রশ্নচিহ্ন দেখা দেবে। তাতে বিদেশি বিনিয়োগ আহরণে আমাদের সক্ষমতা কমে যাবে।’

ভারতের জীবন বিমা করপোরেশন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কেন আদানিদের বহু শেয়ার কিনেছে, সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম।

হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর গত দুই সপ্তাহে আদানি সাম্রাজ্যের প্রভূত ক্ষতি হয়েছে। তাদের প্রতিটি সংস্থার শেয়ারের দাম কমেছে। বাজার থেকে তাদের একটি এফপিও প্রত্যাহার করে নিতে হয়েছে। এই পরিস্থিতিতে বাজার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আদানি বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন, যার অন্যতম আন্তর্জাতিক মানের একটি স্বাধীন অডিট সংস্থাকে নিযুক্ত করা। গত মঙ্গলবার দেশ–বিদেশের বহু গণমাধ্যম এই খবর প্রকাশ করে জানায়, সংস্থাটির নাম ‘গ্র্যান্ট থর্নটন’। আদানি গোষ্ঠীর পক্ষে এই বিষয়ে সরাসরি কিছু বলা না হলেও ভারতের বিভিন্ন সংবাদপত্র ও বিদেশি সংবাদ সংস্থা ‘বিশ্বস্ত সূত্র’ও ‘ওয়াকিবহাল মহলের’ বরাতে এই খবর প্রচার করে। বলা হয়, ওই নিরীক্ষক সংস্থাকে নিয়োগ করার মধ্য দিয়ে আদানি তাঁর ভাবমূর্তি ফেরাতে সচেষ্ট।

এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম সরগরম হয়ে উঠেছে। গ্র্যান্ট থর্নটন কীভাবে কত বার ভুল অডিট জমা দিয়েছে, তার দরুণ কীভাবে একাধিকবার তার জরিমানা হয়েছে, ওই সংস্থাও কতবার নিজেদের ভুল স্বীকার করেছে, এমনকি ভারতেও তারা কীভাবে সিবিআইয়ের নজরে পড়েছিল, সামাজিক মাধ্যমে সে সব আলোচিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ও কেন্দ্রীয় সরকারের সাবেক আমলা জহর সরকার আজ সেই সব রিপোর্টের কোলাজ সংবলিত এক টুইটে বলেন, ‘এক বন্ধু এগুলো পাঠিয়েছেন। হিনডেনবার্গ রিপোর্টের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এই সংস্থাকে আদানি নিযুক্ত করেছেন। রোগের চেয়ে ওষুধ কি বেশি বিষাক্ত?’

মুম্বাইয়ের ইংরেজি দৈনিক ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’ মঙ্গলবার গ্র্যান্ট থর্নটনকে নিয়ে এক নিবন্ধ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই সংস্থা ভারতের পরিচ্ছন্ন গঙ্গা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। গঙ্গার দূষণ রোধে প্রথম সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। গৃহীত হয়েছিল ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন করে গঙ্গার দূষণ রোধে সচেষ্ট হন। হাতে নেন ‘নমমি গঙ্গে’ প্রকল্প। যোজনা কমিশন তুলে দিয়ে প্রধানমন্ত্রী মোদি গড়ে তোলেন ‘নীতি আয়োগ’। গ্র্যান্ট থর্নটন নীতি আয়োগেরও ‘স্ট্র্যাটেজিক উপদেষ্টা’ হিসেবে যুক্ত ছিল বলে ওই সংবাদপত্রের দাবি। কী কী কারণে এই নিরীক্ষা সংস্থা কতবার ভুল অডিট দাখিল করেছে, তার খতিয়ান দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারতীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থার ক্ষেত্রেও তারা ওই একই কাজ করেছে, যার জন্য তারা সিবিআইয়ের নজরে পড়েছিল।

সেই ভারতীয় সংস্থাটির নাম কিংফিশার এয়ারলাইনস, যার মালিক ছিলেন দেশত্যাগী শিল্পপতি বিজয় মালিয়া। গ্র্যান্ট থর্নটনের করা অডিটে সেই সংস্থার সম্পদ মূল্য ধার্য হয়েছিল ৪ হাজার ১০০ কোটি রুপি। অথচ ঋণদাতাদের করা অডিটে দেখা যায়, সম্পদ মূল্যের পরিমাণ ছিল মাত্র ১৬০ কোটি রুপি। অডিটে সম্পদ মূল্য এইভাবে ফুলিয়ে–ফাঁপিয়ে দেখানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত করেছিল।