অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাসনিম পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মাত্র দুই মাস আগে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পার্থ (বিআইএসএপি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও বিআইএসএপি সূত্রে জানা গেছে, পার্থের উত্তরে ব্রেটন বে এলাকার ইন্ডিয়ান ওশান ড্রাইভে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বহনকারী ধূসর রঙের একটি বিএমডব্লিউ গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছিল। সিবার্ড সড়কের মোড়ের কাছে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে যায়। এরপর সেটি সজোরে একটি গাছে ধাক্কা খায়। এতে গাড়ির সামনে চালকের পাশের আসনে থাকা তাসনিম ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনের মধ্যে দুজন ছেলে, অন্যজন মেয়েশিক্ষার্থী। ছেলে দুজনের মধ্যে একজন গাড়িটি চালাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারী দল দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে রয়্যাল পার্থ হাসপাতালে পাঠায়।
চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের আঘাত প্রাণঘাতী নয়। তাসনিমের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকাজের জন্য ইন্ডিয়ান ওশান ড্রাইভের ওই অংশে দুই দিকেই কয়েক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই সময় সড়কটিতে থাকা প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
বিআইএসএপি এক বিবৃতিতে তাসনিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা তাঁর আত্মার শান্তি কামনা করেছে। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি সমবেদনাও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে বিবৃতিতে।