এআই চশমা পড়ে ম্যারাথনে দৌড়াবেন দৃষ্টিহীন ক্লার্ক

১২ এপ্রিল ক্লার্ক রেনল্ডস ঐতিহ্যবাহী ব্রাইটন ম্যারাথনে দৌড়াবেনছবি: ফাইট ফর সাইট

বিশ্বে প্রথমবারের মতো এআই চশমা পরে ১২ এপ্রিল ব্রাইটন ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী ৪৫ বছর বয়সী ক্লার্ক রেনল্ডস। ‘রেটিনিটিস পিগমেন্টোসা’র কারণে রেনল্ডসের দৃষ্টিশক্তি মাত্র ৫ শতাংশ। প্রায় ২৬ মাইল দীর্ঘ পথ পাড়ি দিতে তিনি ‘মেটা এআই’ চশমা ব্যবহার করবেন।

দৌড়জুড়ে ‘বি মাই আইজ’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীরা তাঁকে দিকনির্দেশনা দেবেন, যা খেলাধুলায় প্রযুক্তির ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সাধারণত এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের দৈবচয়ন ভিত্তিতে স্বেচ্ছাসেবকদের সঙ্গে যুক্ত করে। তবে মেটা এআই চশমার নতুন ‘বি মাই আইজ গ্রুপস’ ফিচারটি রেনল্ডসকে একনিষ্ঠ একদল সমর্থক নিয়ে একটি ব্যক্তিগত দল তৈরির সুযোগ করে দিয়েছে। তাঁর এই ম্যারাথনের জন্য স্বেচ্ছাসেবকদের আগে থেকেই নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। ফলে দৌড়ের সময় যখনই প্রয়োজন হবে, রেনল্ডস তাঁর পরিচিত এবং আগে থেকে প্রস্তুত একদল মানুষের কণ্ঠস্বরের দিকনির্দেশনা পাবেন।

‘এটি বিশ্বে প্রথম! আমি দারুণ উচ্ছ্বসিত! বি মাই আইজ ব্যবহারকারী স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমিই প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে একটি পূর্ণ ম্যারাথনে দৌড়াতে যাচ্ছি। এই প্রযুক্তি অত্যন্ত মুক্তিদায়ক’, বলেন ক্লার্ক। তিনি ‘মিস্টার ডট’ নামেও বেশ জনপ্রিয়।

ক্লার্ক বলেন, ‘এই অ্যাপ ব্যবহার করা সত্যিই অবিশ্বাস্য। আমি যখন দৌড়াতে বের হই, তখন শুধু তিনটি জাদুকরী শব্দ “বি মাই আইজ” বলি, আর অমনি আমি এমন একজনের সঙ্গে যুক্ত হয়ে যাই, যিনি আমাকে সহযোগিতা করবেন।’ ক্লার্ক বলেন, তাঁরা বিশ্বের যেকোনো প্রান্তে থাকতে পারেন।

ক্লার্ক এর আগে একজন গাইড বা পথপ্রদর্শকের সহায়তায় লন্ডন ম্যারাথন সম্পন্ন করেছেন। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী তাঁকে সহযোগিতা করছেন।