গলায় রশি বেঁধে টেনে নিলেন বাস

গলায় রশি বেঁধে বাস টেনে নিচ্ছেন এগমন্ড মলিনাছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

গলায় রশি বেঁধে আস্ত একটি বাস টেনে বিশ্ব রেকর্ড গড়েছেন এগমন্ড মলিনা নামের এক ব্যক্তি। ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র আরুবার এই বাসিন্দা প্রায় ৯ হাজার ৮৬০ কেজি ওজনের একটি বিশাল বাস কেবল গলার সাহায্যে ২০ মিটার পথ টেনে নিয়ে যান।

গত ৯ জানুয়ারি এই অবিশ্বাস্য কীর্তি গড়ে দশমবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান ৪৯ বছর বয়সী এই ক্রীড়াবিদ। এর আগে ২০২৪ সালে ৮ হাজার ৬০ কেজি ওজনের যানবাহন টেনে এই রেকর্ড গড়েছিলেন ইউক্রেনের দিমিত্র হ্রুনস্কি। সেই রেকর্ড ভেঙে মলিনা এখন গলা দিয়ে সবচেয়ে ভারী যানবাহন টানা মানুষ।

তবে এই রেকর্ড গড়া মোটেও সহজ ছিল না। মলিনা জানান, মোটা রশি দিয়ে যখন তিনি বাসটি টানছিলেন, তখন সেটি তাঁর শ্বাসনালিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তিনি বলেন, ‘এটি ছিল শারীরিক শক্তির পাশাপাশি একটি মানসিক যুদ্ধ। প্রচণ্ড চাপের মুখেও নিজেকে শান্ত রেখে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়েছে।’

এগমন্ড মলিনার ঝুলিতে এখন মোট ১০টি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দাঁত দিয়ে ২০ মিটার ট্রাম টেনে নেওয়া, এক আঙুলে ১৫৯ কেজি ওজন তোলা এবং নিতম্বে বেল্টের সাহায্যে ১ হাজার ২ কেজি ওজন তোলা।

এ ছাড়া নিজের শরীরের ওজন মাত্র ৮৭ কেজি হওয়া সত্ত্বেও এক টনের বেশি ওজন তুলে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কেন এই বিপজ্জনক ঝুঁকি নেওয়া? মলিনা জানান, তাঁর চার সন্তান এবং নিজ দেশ আরুবার ১ লাখ ১০ হাজার মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য।