অ-আদিবাসীদের তুলনায় ২০ বছর কম বাঁচে আদিবাসীরা
আদিবাসী নয় এমন ব্যক্তিদের চেয়ে গড়ে ২০ বছর কম বাঁচে আদিবাসীরা। গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, দারিদ্র্য, অপুষ্টি ও বিভিন্ন রোগের সংক্রমণ তাদের আয়ু কমিয়ে দেয়। খবর এএফপির।প্রতিবেদনটি একই সঙ্গে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ আদিবাসী রয়েছে এমন কয়েকটি দেশে প্রকাশিত হয়েছে।অস্ট্রেলিয়ার আদিবাসী ও নেপালের জাতিগত কিরাতের লোকজনের জীবনের প্রত্যাশা তাদের দেশের অ-আদিবাসীদের চেয়ে গড়ে ২০ বছর কম। কানাডার আদিবাসী ইনুইট ও মেটিসরা অ-আদিবাসীদের তুলনায় গড়ে ১৭ বছর, গুয়াতেমালার আমেরিন্ডিয়ান্স ১৩ বছর ও নিউজিল্যান্ডের মাওরিরা ১১ বছর আগে মারা যায়।ব্রাজিলে জাতিসংঘের তথ্যকেন্দ্রের প্রধান জিয়ানকার্লো সুমা রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে বলেন, এই প্রতিবেদনে আদিবাসী জনগণ সম্পর্কে কয়েকটি সতর্কবার্তা উঠে এসেছে। তিনি বলেন, প্রতিবেদনে আদিবাসী জনগণের মধ্যে বিরাজমান অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ব্যবধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৯০টি দেশে প্রায় ৩৭ কোটি আদিবাসী রয়েছে। বিশ্বের জনসংখ্যার মধ্যে এই হার মাত্র পাঁচ শতাংশ। গ্রামে বাস করা বিশ্বের অতিদরিদ্র ৯০ কোটি মানুষের মধ্যে আদিবাসীদের সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি।