অং সান সু চি মুক্তি পাওয়ায় আমি উচ্ছ্বসিত: লরা বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ গত শুক্রবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি সু চিকে ‘মানব স্বাধীনতার অগ্রদূত’ হিসেবে আখ্যায়িত করেন। লরা বুশ এদিনই এক বিবৃতিতে এই কথোপকথনের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। সু চির সঙ্গে এটাই হলো তাঁর প্রথম কথোপকথন। বিবৃতিতে লরা বুশ বলেন, ‘আজ সকালে আমি প্রথমবারের মতো সু চির সঙ্গে কথা বলেছি। সু চি মুক্তি পাওয়ায় আমি উচ্ছ্বসিত। আমি সেদিনের স্বপ্ন দেখি, যেদিন সু চি ও তাঁর প্রিয় দেশটির মানুষেরা স্বাধীনভাবে বসবাস করতে পারবেন।’গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন সু চি। এক টানা সাত বছর গৃহবন্দী অবস্থায় কাটানোর পর গত ১৩ নভেম্বর তিনি মুক্তি পান। মিয়ানমারে সামরিক শাসনের অবসান ঘটানোর ক্ষেত্রে পশ্চিমারা যৎসামান্য সফলতা অর্জন করেছে, এমন ভাবনার মধ্যেই ওবামা প্রশাসন গত বছর জান্তার সঙ্গে সংলাপ শুরু করে। তবে ওয়াশিংটন বলেছে, গণতান্ত্রিক অগ্রগতিসহ অন্যান্য বিতর্কিত ইস্যুগুলো দূর না করা পর্যন্ত মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে না। মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের নতুন অবস্থান গ্রহণের বিষয়টি স্বাগত জানিয়েছেন সু চি। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, মিয়ানমারে এখনো মানবাধিকার ও অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হয়নি। গত নভেম্বরে বহুল বিতর্কিত নির্বাচনের আগে ১৯৯০ সালের সর্বশেষ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল ব্যবধানে বিজয়ী হয়। কিন্তু জান্তা সরকার দলটির হাতে ক্ষমতা তুলে দেয়নি। এএফপি।