অং সান সু চির সঙ্গে জন ম্যাককেইনের বৈঠক
মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে এক বৈঠককালে তিনি এ অঙ্গীকার করেন। ইয়াঙ্গুনে সু চির বাড়িতে এ বৈঠক হয়।প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সু চি সাংবাদিকদের জানান, ‘ম্যাককেইন বলেছেন, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা (যুক্তরাষ্ট্র) সব সময় সহযোগিতা করবে। তাঁর (ম্যাককেইন) সঙ্গে বৈঠক করতে পেরে আমরা খুশি।’ নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা বলেছে, ‘তাঁরা (ম্যাককেইন ও সু চি) দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে বড় ধরনের ভূমিকা রাখতে চান। এরই অংশ হিসেবে ম্যাককেইন মিয়ানমার সফর করছেন। ম্যাককেইন তাঁর বক্তব্যে সু চিকে ‘তাঁর প্রেরণা’ বলে অভিহিত করেছেন।সু চি ছাড়াও তাঁর দলের অন্যান্য শীর্ষনেতার সঙ্গে গতকাল বৈঠক করেছেন রিপাবলিকানদলীয় সিনেটর ম্যাককেইন। এ ছাড়া সদ্য কারামুক্ত কয়েকজন রাজনীতিবিদ ও এইচআইভিতে আক্রান্ত কয়েকজনের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। গত নভেম্বরে সাধারণ নির্বাচনের কয়েক দিন পর গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি। নির্বাচনের কয়েক দিন আগে তাঁর দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করে তৎকালীন সামরিক জান্তা। এএফপি।