অগ্নিগিরির সক্রিয়তায় ডাইনোসরের উত্থান?
প্রাচীন পৃথিবীতে একসময় আগ্নেয়গিরিগুলো দীর্ঘ ১০ লাখ বছর ধরে অত্যন্ত সক্রিয় ছিল। এ প্রেক্ষাপটেই এ গ্রহে ডাইনোসরদের উত্থানের পথ সুগম হয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ রকম ইঙ্গিত দিয়েছেন।
গবেষক দলের বিজ্ঞানীরা প্রাচীন শিলা বিশ্লেষণ করে তাতে আগ্নেয়গিরির বিপুল উদ্গিরণের চিহ্ন পেয়েছেন। সে ঘটনা আনুমানিক ২০ কোটি বছর আগের। বিজ্ঞানীরা ধারণা করছেন, এ রকম ব্যাপক সক্রিয় আগ্নেয়গিরির তৎপরতায় পৃথিবীতে গণহারে প্রাণী বিলুপ্তি হয়ে থাকতে পারে। পরিণামে ডাইনোসরের মতো সুবিশাল আকৃতির প্রাণীরা তখনকার জীবজগতে প্রাধান্য বিস্তারের সুযোগ পেয়ে যায়।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকী এ বিষয়ের গবেষণা প্রতিবেদনটি ছেপেছে। এর প্রধান লেখক লরেন্স পার্সিভাল অক্সফোর্ডের ধরিত্রীবিজ্ঞানের শিক্ষক। তিনি বলেন, অন্যান্য প্রাণী হারিয়ে যাওয়ার ফলে পরিবেশে যে শূন্যতা তৈরি হয়েছিল, ডাইনোসররা তা পূরণে সফল হয়।