অগ্নিপরীক্ষায় রোহিঙ্গা নারী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তুহারা ও ক্ষুধার্ত নুরু নয় মাসের গর্ভবতী। এই অবস্থাতেই মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন এলাকা থেকে অন্যদের সঙ্গে জীর্ণ নৌকায় চড়ে তাঁকেও সমুদ্রে ভাসতে হয়। গন্তব্য অজানা। ছয় দিনের মাথায় সাগরেই সন্তান প্রসব করেন তিনি।গত বছরের জুন মাসে রাখাইন বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাতের পর নুরুর মতোই দশা সংখ্যালঘু রোহিঙ্গা নারী ও শিশুদের। তাদের সহায়সম্বল লুট হয়ে গেছে; বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় হতাহত হয়েছে অনেকে। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছে, তারা জীর্ণ নৌকায় করে সাগরের অথৈ জলে নেমে পড়েছে অজানা গন্তব্যে। নৌকা ডুবে অনেকেই সাগরে প্রাণ হারিয়েছে। কেউ কেউ ধুঁকতে ধুঁকতে শুধু প্রাণটুকু নিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে পৌঁছেছে। তারা সেখানে হয় অবৈধ অভিবাসী হিসেবে আটক হয়েছে, না হয় থাইল্যান্ডের নৌবাহিনী তাদের মালয়েশিয়ার দিকে ঠেলে দিয়েছে। ফের সেই অথৈই সাগরে।২৪ বছর বয়সী নুরু তাঁর এক মাসের ছেলেকে হাতে তুলে নিয়ে দোলাতে দোলাতে জানালেন, তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পর মাথা গোঁজার আর কোনো ঠাঁই ছিল না; ছিল না কোনো কাজ। তাই বিপদ জেনেও জীর্ণ নৌকায় সমুদ্রপথে পা বাড়াতে হয়েছে। সাগরে কয়েক দিনের মাথায় তাঁদের খাদ্য ও পানি শেষ হয়ে যায়।নুরু জানান, বাধ্য হয়ে তাঁরা সাগরের পানি পান করেন এবং ডায়রিয়ায় আক্রান্ত হন। শেষে দুই সপ্তাহ পর তাঁদের জীর্ণ নৌকাটি রাখাইন থেকে দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাইল্যান্ডের আন্দামান উপকূলে পৌঁছায়।তবে এখানেই নুরুদের ভাগ্যের অগ্নিপরীক্ষার শেষ নয়। সেখানে পৌঁছার পর থাইল্যান্ডের নিরাপত্তাকর্মীরা নৌকার পুরুষ সদস্যদের বিচ্ছিন্ন করে আটক কেন্দ্রে পাঠান। আর নারী-শিশুদের ভিন্ন একটি আশ্রয়কেন্দ্রে আটক রাখা হয়। নৌকায় এভাবে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে থাইল্যান্ডে পৌঁছানো প্রায় এক হাজার ৭০০ রোহিঙ্গা আটক হয়েছে। এর মধ্যে ৩০০ জনের বেশি নারী ও শিশু। অনেক শিশু রয়েছে যারা বাবা-মা বা অন্য কোনো আত্মীয়স্বজন ছাড়াই এই বিপজ্জনক ভ্রমণে বের হয়। তাদেরই একজন ১২ বছরের আবদুল আজিম (আসল নাম নয়)। সে জানায়, তারা বাবা প্রতিবন্ধী; আর সহিংসতায় নিহত হন মা। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। এখন একমাত্র ভরসা মালয়েশিয়ায় অবস্থানকারী তার এক চাচা। ওই চাচার কাছে পৌঁছাতে হবে তাকে।জাতিসংঘের হিসাবে, গত বছরের ওই সহিংসতার পর মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা নৌকায় করে পালিয়ে এসেছে, যাদের করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে। এএফপি।