থাইল্যান্ডে লাল শার্ট পরা বিক্ষোভকারীদের সরকারবিরোধী আন্দোলনের সময় দেশের সবচেয়ে বড় বিপণিকেন্দ্রে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইচেন পায়েবুয়া (২৮) নামের ওই প্রহরীকে সোমবার রাতে রাজধানী ব্যাংকক থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিরোধী দলের দুজন এমপির জামিন মঞ্জুর করেছেন আদালত। গত ১৯ মে ব্যাংককের সেন্টার ওয়ার্ল্ড বিপণিকেন্দ্রে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিলে এর অংশ বিশেষ বিধ্বস্ত হয় এবং সব মালামাল পুড়ে যায়। ব্যাংককের একটি আদালত ১ জুন ওই বিপণিকেন্দ্রের দরজা-জানালা ভাঙচুর ও এর ভেতরে চলাফেরার ছবি দেখে সাইচেনকে শনাক্ত করে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এদিকে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজন এমপির জামিন মঞ্জুর করেছেন থাইল্যান্ডের একটি আদালত। গতকাল জামিন পাওয়া এ দুজন এমপি হলেন জাতুপর্ন প্রমপান এবং কারুন হোসাকুল। তাঁরা দুজনেই বিরোধী পুয়েয়া থাই পার্টির এমপি। এএফপি