অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে বিশ্বশক্তিগুলোর আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এতে করে হতাশ হয়েছে পশ্চিমা বিশ্ব। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে গত শক্রবার ও গতকাল শনিবার দুই দিনের এ আলোচনা হয়।আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রধান পরমাণু আলোচক সায়িদ জলিলি। আর বিশ্বশক্তিগুলোর নেতৃত্বে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন। এই পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।দুই দিনের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে অ্যাস্টন বলেন, ‘আমি হতাশ হয়েছি। পুনরায় আলোচনার জন্য নতুন কোনো তারিখও নির্ধারিত হয়নি।’অ্যাস্টন আরও বলেন, ‘চুক্তির ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে পূর্বশর্ত আরোপের চেষ্টা করা হয়। তবে তাদের শর্ত মেনে নিলে আর এগোনো যায় না।’অ্যাস্টন জানান, আলোচনা এগিয়ে নেওয়ার জন্য তাঁদের পক্ষ থেকে ইরানকে কতগুলো প্রস্তাবও দেওয়া হয়েছিল। এর একটি ছিল তাঁদের সঙ্গে জ্বালানি বিনিময় প্রস্তাব আরও পরিমার্জন করা। ২০০৯ সালে ইরানকে প্রস্তাবটি প্রথম দেওয়ার পর তেহরান তা প্রত্যাখ্যান করে।পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতায় আসার জন্য প্রস্তাবটি তৈরি করে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। প্রস্তাবে বলা হয়, ইরান তাঁদের কম সমৃদ্ধ (৭০ শতাংশ) ইউরেনিয়াম রাশিয়ার কাছে পাঠাবে। তখন রাশিয়া এটিকে আরও সমৃদ্ধ করে ফুয়েল রড হিসেবে তা ইরানকে ফেরত দেবে। প্রস্তাবটি গ্রহণের জন্য ইরান শর্ত আরোপ করে জানায়, রাশিয়ায় নয়, পুরো প্রক্রিয়াটি তাঁদের দেশেই হতে হবে। যদিও পরবর্তী আলোচনার পথ এখনো উন্মুক্ত আছে বলে জানান অ্যাস্টন। কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায়, বিশেষ করে ইরানের মনোভাবে ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন আলোচনায় যোগ দেওয়া পশ্চিমা কূটনীতিকেরা।আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা কূটনীতিকেরা জানিয়েছেন, ইরান শর্ত দিয়ে বলেছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং আরোপিত অবরোধ তুলে নিতে হবে।ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করার কথা ছিল। আলোচনার প্রথম দিন পরমাণু কর্মসূচি বন্ধ করতে তেহরানকে রাজি করানোর চেষ্টায় সামান্য অগ্রগতি হয়। তবে ইরান আলোচনা অব্যাহত রাখতে রাজি হয়। কিন্তু প্রথম দিনের আলোচনা রাত পর্যন্ত গড়ালেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।ইরানের পরমাণু আলোচক সায়িদ জলিলি পৃথকভাবে রাশিয়া ও চীনের প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে বৈঠক করেন।এদিকে, গত শুক্রবার প্রকাশিত এক বৈজ্ঞানিক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র তৈরির মতো প্রযুক্তিগত সক্ষমতা ইরানের আছে এবং পরমাণু কর্মসূচি স্তিমিত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে না। যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের পরমাণু কর্মসূচি, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শ্লথ হয়ে পড়েছে। এএফপি, বিবিসি, রয়টার্স।