অঙ্গীকার পূরণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাড়ে চার বছরে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে যে যে বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ, সেগুলোর প্রতিটি বাস্তবায়নে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া বাংলাদেশের ক্ষতি হতে পারে এমন কিছু ভারত করবে না।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল দুপুরে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতের পর তিনি এদিন সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দিল্লি সফরের দ্বিতীয় দিনে দীপু মনি ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যসভায় বিরোধী দল বিজেপির নেতা অরুণ জেটলির সঙ্গে তাঁর সংসদ ভবনের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত চার বছরে দুই প্রতিবেশীর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু তিস্তা ও সীমান্ত সমস্যার সমাধান এখনো হয়নি। দুই দেশেরই নির্বাচনের আগে এ চুক্তিগুলো বাস্তবায়নে সময় কম কি না, জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্যা আজকের নয়। কয়েক যুগ ধরে এই দুই সমস্যায় দুটি দেশই জর্জরিত। সেই সমস্যা সমাধানে এই দুই সরকার যে উদ্যোগ নিয়েছে এবং প্রায় চূড়ান্ত হওয়ার পথে, সেটাই সবচেয়ে বড় সাফল্য।

সাক্ষাতের সময় মনমোহন সিং এই বলে দীপু মনিকে আশ্বস্ত করেছেন যে ভারত এমন কিছু করবে না, যাতে করে পানিসম্পদ খাতে  বাংলাদেশের স্বার্থের ক্ষতি হয়। তিস্তার পানি বণ্টন ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ  সরকার যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, সেটিও আলোচনায় উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে দীপু মনি বলেন, ভারতের আমন্ত্রণপত্র বাংলাদেশ পেয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ভারত সফরে আসবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।

সীমান্ত চুক্তির অনুমোদনে বিজেপির অবস্থান জানতে অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন দীপু মনি। ওই বৈঠকে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিজেপির নেতার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চুক্তির প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছেন। অরুণ জেটলি এ বিষয়ে দলের অন্য নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের অবস্থান জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তিস্তা চুক্তি নিয়েও পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন জেটলির সঙ্গে। সে ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি জেটলির কাছ থেকে দীপু মনি পাননি।

বামপন্থীদের সমর্থনের আশ্বাস: ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়নে বামপন্থীদের পূর্ণ সহযোগিতা বাংলাদেশ পাবে। গতকাল দুপুরে দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এ প্রতিশ্রুতি দেন।

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে দলের অবস্থান জানতে চাইলে প্রকাশ কারাত বলেন, সিপিএম একেবারে প্রথম থেকেই সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য সংবিধান সংশোধন বিল পাসের পক্ষে। বিলটি সংসদে এলে তা সমর্থন করা হবে। দুর্ভাগ্য যে কেউ কেউ এই বিলের বিরোধিতা করছেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ইতিমধ্যেই সম্পাদিত। দুই দেশের পক্ষেই এটা জরুরি।

তিস্তা চুক্তি সইয়ের বিষয়ে সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, এ নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। বিষয়টি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওই সফরে বাংলাদেশ যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এ বিষয়ে আলোচনা শিগগিরই শেষ হওয়া উচিত।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি সংবাদ সম্মেলনে বলেন, ভারতের প্রত্যেকেরই এটা সমর্থন করা দরকার। প্রতিবেশী দুই দেশকেই একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই যুগের দাবি।

তিন দিনের সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আজ শনিবার ঢাকার উদ্দেশে দিল্লি ছেড়ে যাচ্ছেন।

সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘সীমান্ত চুক্তির জন্য বিজেপির সমর্থন আশা’ শীর্ষক প্রতিবেদনের তৃতীয় অনুচ্ছেদে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের মানবসম্পদ প্রতিমন্ত্রী। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।