অচলাবস্থা কাটিয়ে উঠছে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে সরকার গঠন নিয়ে দুই মাস ধরে চলা রাজনৈতিক সংকট দূর হতে চলেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বামপন্থী নেতা এনরিকো লেট্টা (৪৬)। প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর তিনি ডান, বাম ও মধ্যপন্থী দলের সমন্বয়ে একটি জোট সরকার গঠন করবেন।প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠার পর গত সপ্তাহে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপোলিতানো প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হন। দায়িত্ব নিয়েই গতকাল বুধবার তিনি বামপন্থী লেট্টাকে কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে নেন। ওই ডাকে সাড়া দিয়ে লেট্টা প্রেসিডেন্ট প্রাসাদের বৈঠকে যোগ দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক শেষ হয়নি। তবে লেট্টা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে ১৯৮৭ সালে জিয়োভান্নি গ্লোরিয়ার পর তিনিই হবেন ইতালির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। বিশ্লেষকেরা বলেন, কম বয়সী হলেও লেট্টার সরকার পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি বিবদমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠা এবং দেশের রাজনীতিকে সাধারণ জনগণের কাছাকাছি আনতে সক্ষম হবেন। দলগুলো ইতিমধ্যে এ রকম সরকার গঠনে একটি চুক্তিও করেছে।মধ্য-ডান ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির যুব শাখার সাবেক নেতা লেট্টা বর্তমানে ডেমোক্রেটিক পার্টির উপনেতা। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সমর্থকদের সঙ্গে সরকারে যোগ দিতে দলটির মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। লেট্টার প্রতিপক্ষ ও তাঁর চাচা জিয়ান্নি লেট্টা বহু বছর ধরে বেরলুসকোনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করা নিয়েও দলে রয়েছে অসন্তোষ।বিশ্লেষকদের ধারণা, তারুণ্যদীপ্ত লেট্টা কয়েক দিনের মধ্যেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের বাছাই করে তাঁদের আনুষ্ঠানিক মনোনয়ন দেবেন। এর মধ্য দিয়ে চলতি সপ্তাহের শেষে দেশটিতে পূর্ণাঙ্গ সরকার গঠিত হবে।ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ ইতালিতে সাধারণ নির্বাচনের পর থেকে তিক্ত রাজনৈতিক সংকটে পড়ে। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে মধ্য-বাম জোট প্রথমবারের মতো জয়ী হয়। কিন্তু পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় তারা। আর এ থেকেই ওই সংকটের শুরু।এই সংকট ইউরোজোনের অন্য দেশগুলোকেও নাড়া দেয়। দেশগুলোর বিনিয়োগকারীরা সতর্ক করে দেন, দীর্ঘ মেয়াদে রাজনৈতিক অনিশ্চয়তা ইতালির মন্দাকবলিত অর্থনীতির পুঁজিবাজারে আরও অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। ইতিপূর্বে লেট্টার ডেমোক্রেটিক পার্টি বেরলুসকোনির ডানপন্থী পিপল অব ফ্রিডম পার্টির সঙ্গে জোট বাঁধতে অস্বীকৃতি জানালেও গত মঙ্গলবার দলটি বলেছে, ৮৭ বছর বয়সী প্রেসিডেন্ট নেপোলিতানোর পরামর্শ অনুযায়ী তারা যেকোনো বিকল্প গ্রহণে প্রস্তুত। বাণিজ্যবিষয়ক সাময়িকী ইল সোল ২৪ ওর-এর এক নিবন্ধে স্টিফানো ফোলি বলেন, ডেমোক্রেটিক পার্টির জন্য একটি বৃহৎ জোট সরকার তিতা ওষুধের মতো হবে।এরই মধ্যে বেরলুসকোনি বলেন, তাঁর দলও প্রেসিডেন্টের পছন্দে সায় দেবে। সাবেক প্রধানমন্ত্রী মারিও মন্তের মধ্যপন্থী সিভিক চয়েসও একই কথা বলেছে। এএফপি ও টেলিগ্রাফ।