অচলাবস্থা না কাটায় ভারতে পার্লামেন্ট অধিবেশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে খুচরা ব্যবসা খাতে সরকারের সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। গতকাল মঙ্গলবার এ নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এ নিয়ে পার্লামেন্টও অচল হয়ে পড়েছে।গত বৃহস্পতিবার ভারতের মন্ত্রিসভা খুচরা ব্যবসায় ৫১ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) অনুমোদন দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল-মার্ট, যুক্তরাজ্যের টেসকো, ফ্রান্সের ক্যারিফোরসহ বিদেশি ব্র্যান্ডের পণ্যের গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করতে পারবে এসব কোম্পানি। বিদেশি এসব কোম্পানি ভারতে তাদের পণ্য পাইকারি হারে বিক্রি করে আসছে।সরকারের ওই সংস্কারে ক্ষুব্ধ হয়ে এক জোট হয়েছেন ক্ষুদ্র বিক্রেতা, ট্রেড ইউনিয়ন, প্রভাবশালী রাজ্যের নেতা এবং সরকারি ও বিরোধী উভয় দলের আইনপ্রণেতারা।বিষয়টি সমাধানে গতকাল অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয়। তবে বৈঠকে নেতারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এ ছাড়া গতকাল আইনপ্রণেতাদের বিক্ষোভের মুখে পার্লামেন্টের উভয় কক্ষ মুলতবি করা হয়।তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সিদ্ধান্তটি পিছিয়ে দেওয়ার দাবি করেছি।’ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের অন্যতম বড় শরিক দল তৃণমূল কংগ্রেস।সুদীপ বলেন, এ ধরনের বিষয়ে শরিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত। সংস্কারটি পার্লামেন্টে ভোট ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে।সর্বদলীয় বৈঠকের পর সরকার কোনো বিবৃতি দেয়নি। তবে তৃণমূল কংগ্রেসের নেতা জানান, অভিযোগগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন প্রণব মুখার্জি।বিরোধী সমাজবাদী পার্টির মুখপাত্র মোহন সিং জানান, সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত খুচরা ব্যবসায় এফডিআই অনুমতি দেওয়ার বিরুদ্ধে আইনপ্রণেতারা বিক্ষোভ অব্যাহত রাখবেন।ঘণ্টাব্যাপী ওই বৈঠকের পর মোহন সিং সাংবাদিকদের বলেন, এফডিআই সিদ্ধান্ত প্রত্যাহার করা ছাড়া পার্লামেন্ট স্বাভাবিকভাবে চলতে পারে না।গুরুত্বপূর্ণ চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও জনসমক্ষে সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে।বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘আমি আগাগোড়াই এ সিদ্ধান্তের বিরোধিতা করেছি। কারণ, এতে খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেকে চাকরি হারাবেন।’ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীরা সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন।তবে সরকার দাবি করছে, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফপি ও বিবিসি।