যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দেশের ঋণসংকটের ব্যাপারে রিপাবলিকান দলের ‘একগুঁয়ে দৃষ্টিভঙ্গি বিপজ্জনক’। এ বিষয়ে সমঝোতার জন্য রিপাবলিকানদের ওপর চাপ সৃষ্টি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।গত সোমবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবামা। যুক্তরাষ্ট্রে সরকারি ঋণের সীমা বাড়ানো নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। ক্রমবর্ধমান বাজেট ঘাটতির লাগাম কীভাবে টেনে ধরা যায়, সে বিষয়েও তাঁরা মতৈক্যে পৌঁছাতে পারেননি।এ সংকটের জন্য প্রেসিডেন্ট ওবামা ও রিপাবলিকান পার্টির নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার পরস্পরকে দোষারোপ করেছেন। ওবামা বলেছেন, কংগ্রেস ঋণসীমা না বাড়ালে ‘দায়িত্বজ্ঞানহীন’ পরিণতি হবে। বোয়েনারের জবাব, প্রেসিডেন্ট তাঁদের ‘সাদা চেক’ লিখে দিতে বলছেন।২ আগস্টের মধ্যে ঋণের সীমা বৃদ্ধি করা না হলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হাতে তাদের সব বিলের অর্থ পরিশোধ করার মতো টাকা থাকবে না। এর ফলে ঋণের সুদের হার বাড়তে পারে, যা মার্কিন অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। ওবামা ব্যয়সংকোচন ও ধনীদের ওপর কর বৃদ্ধির মাধ্যমে ‘সমন্বিত পদক্ষেপ’ নেওয়ার পক্ষপাতী। কিন্তু রিপাবলিকানরা এতে ঘোর আপত্তি জানিয়ে আসছে। তারা শুধু ব্যয়সংকোচনের পক্ষে। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওবামা বলেন, এর ফলে আগামী ছয় মাসের মধ্যে চলমান সংকটের পুনরাবৃত্তি ঘটবে।ওবামা হঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ঋণসীমা বাড়াতে ব্যর্থ হলে দেশ গভীর অর্থনৈতিক সংকটে পড়বে। এটা একটা “বিপজ্জনক খেলা”। আমরা আগে কখনো তা করিনি এবং এখনো করব না। কারণ, বহু পরিবারের কর্মসংস্থান ও জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে।’প্রেসিডেন্টের ভাষণে প্রতিক্রিয়া ব্যক্ত করে জন বোয়েনার বলেছেন, ‘এ সমস্যার জন্য ওবামাই দায়ী।...ঋণের দায় মেটানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ব্যর্থ হতে পারে না।’ধনী ব্যক্তি ও সম্পদশালী কোম্পানিগুলোর ওপর কর বৃদ্ধির ব্যাপারে ওবামার আহ্বান নাকচ করে দিয়ে বোয়েনার একটি বিকল্প প্রস্তাব দেন। প্রথম দফায় ২০১২ সালের ফেব্রুয়ারি কিংবা মার্চে এবং পরে ২০১৩ সালে ঋণসীমা বৃদ্ধির প্রস্তাব দেন তিনি।সরকারের ঋণের সীমা বাড়ানো বরাবরই মার্কিন কংগ্রেসের একটি গৎবাঁধা কাজ ছিল। কিন্তু এ বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু রিপারলিকান নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন। এএফপি ও বিবিসি।