অচলাবস্থায় অঙ্গীকারের ক্ষতি হবে না: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাজেট জটিলতার কারণে ওয়াশিংটনের ‘প্রশাসনিক অচলাবস্থা’ বিশ্ববাসীর প্রতি মার্কিন অঙ্গীকারে কোনো প্রভাব ফেলবে না। গত শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সঙ্গে সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা আশা প্রকাশ করে বলেন, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতারা শেষ পর্যন্ত একমত হয়ে বর্তমান অচলাবস্থার অবসান ঘটাবেন। এর মাধ্যমে বিশ্ববাসীর প্রতি মার্কিন অঙ্গীকার অটুট থাকবে।
এপিকে ওবামা বলেন, ‘আমি নিশ্চিত অচলাবস্থা কাটানোর পক্ষে প্রতিনিধি পরিষদে অনেক আইনপ্রণেতা আছেন। তাঁরা দেশকে পুরো অচল করে ছাড়বেন না।’
তবে বিশ্লেষকেরা বলছেন, ‘শাট ডাউন’-এর কারণে সৃষ্ট অচলাবস্থা ইতিমধ্যে বিশ্বব্যাপী মার্কিন ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অচলাবস্থা মার্কিন রাজনীতিবিদদের মধ্যকার বিভেদকে প্রকটভাবে সামনে তুলে এনেছে।
মার্কিন সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বলেন, ‘বর্তমান পরিস্থিতি আমাদের ওপর বিশ্ববাসীর আস্থায় আঘাত করেছে। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রের সামর্থ্যের কারণে বিশ্বের বেশির ভাগ দেশ প্রায় প্রতিদিনই আমাদের ওপর নির্ভর করে।’
কাজে যোগ দেওয়ার আহ্বান: এদিকে প্রতিরক্ষা বিভাগের প্রায় চার লাখ কর্মীকে আগামী সপ্তাহে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে। শাট ডাউনের কারণে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে তাঁদের কাজ ও বেতন বন্ধ ছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, সামরিক বিধি অনুযায়ী ওই কর্মীদের বেতন দেওয়া হবে। বিবিসি।