অজগরের আক্রমণে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজগরের কবলে পড়ে প্রাণ হারানো দুই শিশু ষ ছবি: বিবিসি
অজগরের কবলে পড়ে প্রাণ হারানো দুই শিশু ষ ছবি: বিবিসি

পোষা প্রাণীর দোকান থেকে অজগরটি কোনোভাবে বেরিয়ে পড়েছিল। তারপর সাপটির আক্রমণে প্রাণ গেছে দুই শিশুর। পূর্ব কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের ক্যাম্পবেলটন শহরে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ধারণা করা হচ্ছে সাপটি ওই দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। বিশাল অজগরটি খাঁচা থেকে বেরিয়ে সম্ভবত বাতাস চলাচলের পথ দিয়ে ভবনের ওপর তলার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল।
পাঁচ ও সাত বছর বয়সী দুটি শিশুই ছেলে। ঘটনার রাতে তারা বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। তাদের হত্যাকারী অজগরটিকে আটক করা হয়েছে। তবে সাপটির আকার-আকৃতি সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। রেপটাইল ওশান নামের দোকানটিতে বিভিন্ন বিচিত্র প্রাণী রয়েছে। ঘটনাটির ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সাত হাজার বাসিন্দার ছোট শহর ক্যাম্পবেলটনে অজগরের আক্রমণে শিশুমৃত্যুর এ ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শহরের ডেপুটি মেয়র ইয়ান কমিউ বলেছেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। এতে শহরবাসী শোকাচ্ছন্ন। স্থানীয় দোকানগুলোতে বিপজ্জনক প্রাণী রাখার বিধানটি বহাল রাখা উচিত হবে কি না, পর্যালোচনা করে দেখা হবে। বণ্য প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, শিশুদের ওপর সাপের এ ধরনের হামলার ঘটনা বিরল। মন্ট্রিলের ইকোমিউজিয়াম জু চিড়িয়াখানার পরিচালক ডেভিড রগ্রিজ বলেন, ঘটনাটি বিশ্বাস করা কঠিন। অত্যন্ত ব্যতিক্রমী ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে। এএফপি ও বিবিসি।