অজগরের কবলে দুই বছরের শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজগরের কবল থেকে প্রাণে রক্ষা পেয়েছে দুই বছরের এক শিশু। অজগরটি শিশুটির পুরো শরীর পেঁচিয়ে ধরলে তার শ্বাসরোধের উপক্রম হয়। শিশুটির মা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে মায়ের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড প্রদেশের পোর্ট ডগলাস শহরে এ ঘটনা ঘটে।গতকাল বৃহস্পতিবার শিশুটির মা স্থানীয় কেয়ার্নস পোস্টকে জানান, শিশুটি একটি বলের পেছনে ছুটছিল। এ সময় অজগরটি তাকে তাড়া করে। অজগরটি শিশুর পুরো শরীর পেঁচিয়ে ধরে তার পায়ে ছোবল দিতে থাকে। শিশুর আর্তনাদ শুনে তিনি (মা) ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।শিশুটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। অজগরটি তার শরীরে চারটি কামড় বসিয়েছে। তবে সাপটি বিষাক্ত না হওয়ায় রক্ষা পেয়েছে শিশুটি। এএফপি।