অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত করল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ছোট ড্রোন (মনুষ্যবিহীন বিমান) গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী এ কথা জানায়।নেগেভ মরুভূমির কাছে সেনারা ওই ড্রোনের ধ্বংসাবশেষের খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করা যায়নি।কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ধারণা করা হচ্ছে, পশ্চিমের কোনো অঞ্চল থেকে ড্রোনটি ইসরায়েলে ঢুকেছে। তবে এটা গাজা উপত্যকা থেকে আসেনি বলে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘শত্রুপক্ষ আমাদের অবস্থান জানার জন্য বা সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য ওই ড্রোনটি পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখতে ড্রোনটির গতিপথ পরীক্ষা করে দেখা হচ্ছে।’ অতীতেও ইসরায়েলে কয়েকবার ড্রোন প্রবেশ করেছে। তবে সেগুলো দেশটির উত্তরাঞ্চল দিয়ে ঢুকেছিল। লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর পরিচালনায় অন্তত তিনবার ইসরায়েলে ড্রোন প্রবেশ করেছিল। এর মধ্যে ২০০৬ সালে বিস্ফোরকভর্তি ড্রোনের আঘাতে ইসরায়েলের নৌবাহিনীর একটি জাহাজ ধ্বংস হয়। ২০০৪ ও ২০০৫ সালে পৃথক দুটি ড্রোন কোনো বাধা ছাড়াই ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে পড়েছিল। বিবিসি।