অডেসায় হতাহতের জন্য পুলিশকে দুষলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতর্স্ক শহরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে একটি টেলিভিশন চ্যানেলের ভবন আবার নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী।
এদিকে অডেসা শহরে গত শুক্রবার অভিযান চলাকালে একটি ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির জন্য নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েতসেনিয়ুক। এ ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ ভবন বেশ কিছুদিন ধরে দখল করে রেখেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। তাদের সরাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানের মধ্যে অডেসা শহরের ট্রেড ইউনিয়ন হাউসের ভবনে আগুন ধরে যায়। ওই ভবনটি বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারীদের আস্তানা ছিল। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে বা হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় ৪০ জনের মৃত্যু হয়। এএফপি।