অতি আকর্ষণীয় হলে চাকরি যেতে পারে!
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কোনো প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মী যদি অতি আকর্ষণীয় হন, তবে মালিক তাঁকে ছাঁটাই করতে পারবেন। এটিকে বেআইনি বলা যাবে না! গত শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট এমনই এক আদেশ দিয়েছেন।১০ বছরের বেশি সময় ধরে দাঁতের চিকিৎসক জেমস নাইটের সহকারী হিসেবে কাজ করছেন মেলিসা নেলসন। কিন্তু তাঁকে নিয়ে নাইটের পরিবারে শুরু হয় অশান্তি। এ জন্য ২০১০ সালের শুরুর দিকে মেলিসাকে চাকরিচ্যুত করেন নাইট।নাইটের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান মেলিসা। মামলায় তিনি অভিযোগ করেন, কর্মক্ষেত্রে তিনি ভুল কিছু করেননি। নাইটকে একজন বন্ধু ও পিতৃতুল্য মনে করতেন তিনি। নারী না হলে তাঁকে চাকরিচ্যুত করা হতো না।দুজনের সাক্ষ্যে দেখা যায়, নাইটের সঙ্গে নেলসনের প্রণয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। নাইট বলেন, বিভিন্ন উপলক্ষে মেলিসা আঁটসাঁট ও নজরকাড়া পোশাক পরতেন। এ ব্যাপারে তিনি আপত্তিও জানিয়েছিলেন। ২০০৯ সালে কিছু সময়ের জন্য দুজন খুদে বার্তা চালাচালি করেন। তবে অধিকাংশ বার্তাই ছিল কাজসংক্রান্ত। এ সময় নাইট ইঙ্গিতপূর্ণ একটি বার্তা মেলিসাকে পাঠালেও তিনি উত্তর দেননি।২০০৯ সালের শেষের দিকে নাইটের স্ত্রী ওই ইঙ্গিতপূর্ণ বার্তা দেখতে পান। তিনি তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কের জন্য মেলিসাকে হুমকি মনে করেন। তাঁকে চাকরিচ্যুত করার জন্য তিনি স্বামীকে চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের শুরুর দিকে তাঁকে চাকরিচ্যুত করেন নাইট।আদালত বলেন, মালিক যদি তাঁর কর্মীকে অতি আবেদনময়ী মনে করেন, তবে তাঁকে চাকরিচ্যুত করতে পারবেন। আর এ ধরনের পদক্ষেপ বেআইনি হবে না। রয়টার্স।