অতি-উৎসাহী পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ অনুষ্ঠান চলাকালে দায়িত্ব রেখে ব্যারিকেড পার হয়ে, মাথার টুপি আকাশে ছুড়ে এবং কেজরিওয়ালের পক্ষে চিত্কার করে স্লোগান দেন পুলিশ সদস্য রাজেশ।
শপথ অনুষ্ঠান চলাকালে দায়িত্ব রেখে ব্যারিকেড পার হয়ে, মাথার টুপি আকাশে ছুড়ে এবং কেজরিওয়ালের পক্ষে চিত্কার করে স্লোগান দেন পুলিশ সদস্য রাজেশ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দায়িত্ব রেখে নিয়মবহির্ভূত অতি-উত্সাহী তত্পরতা দেখানোর অভিযোগে পুলিশের এক সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআই জানায়, গত শনিবার দিল্লির রামলীলা ময়দানে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার অন্য ছয়জন সদস্য শপথ নেন। অনুষ্ঠানে পুলিশের অন্য সদস্যদের সঙ্গে দিল্লি আর্মড পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের কনস্টেবল রাজেশ কুমারও দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে দায়িত্ব রেখে ব্যারিকেড পার হয়ে, মাথার টুপি আকাশে ছুড়ে এবং কেজরিওয়ালের পক্ষে চিত্কার করে স্লোগান দেন রাজেশ। একই সঙ্গে দিল্লি পুলিশকে নগর সরকারের অধীনে আনারও দাবি জানান ওই কনস্টেবল।

এ সময় পুলিশের অন্য সদস্যরা রাজেশকে নিবৃত্ত করার চেষ্টা করেন। সবাই মিলে ধরে তাঁকে নিচে নামিয়ে আনেন। পরে তাঁকে ময়দানের বাইরে নিয়ে যাওয়া হয়।

রাজস্থান থেকে আসা রাজেশ ২০১০ সালে পুলিশে যোগ দেন। রামলীলা ময়দানে অতি-উত্সাহী কর্মকাণ্ডের ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ঘটনার সময় রাজেশ পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। তিনি যা করেছেন, এতে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তিনি যদি তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করতে চান, তবে তা তাঁর ব্যক্তিগতভাবে করা উচিত ছিল।

গত শনিবার জনসমুদ্রকে সাক্ষী রেখে আমজনতার একজন হয়ে দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে শপথ নেন মন্ত্রিসভার অন্য ছয়জন সদস্য। শপথ নিয়েই কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের জিহাদ ঘোষণা করেন।